Recipe: নিরামিষ রান্নায় বানিয়ে ফেলুন ‘মোচার ডালনা’, শিখেনিন বাঙালি রান্নার সেরা পদ্ধতি

নিরামিষ রান্না মানেই শুধু আলু বা ছানার ডালনা নয়, বাঙালির রান্নাঘরে মোচা দিয়েও তৈরি হয় অসাধারণ পদ। মোচার ডালনা তেমনই একটি জনপ্রিয় এবং সুস্বাদু রেসিপি, যা সহজে বাড়িতে বানিয়ে ফেলা যায়। রইল সহজ প্রণালী…
উপকরণ:
- একটি মোচা, কুচিয়ে সেদ্ধ করে নেওয়া
- ১টি বড় আলু
- ১ কাপ নারকেল কোরানো
- ১/২ কাপ ছোলা সেদ্ধ
- ২-৩টি কাঁচা লংকা
- ১ টেবিল চামচ আদাবাটা
- ১ চা চামচ জিরে
- ২টি তেজপাতা
- ২টি শুকনো লংকা
- ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
- ১/২ চা চামচ লংকা গুঁড়ো
- ১/২ চা চামচ জিরে গুঁড়ো
- ১/২ চা চামচ ধনে গুঁড়ো
- ২ টেবিল চামচ সর্ষের তেল
- ১ চা চামচ ঘি
- ১/২ চা চামচ গরমমশলা
- স্বাদমতো নুন ও চিনি
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে জিরে, তেজপাতা এবং শুকনো লংকা ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে তাতে আলু দিয়ে হালকা সোনালি করে ভেজে নিন।
২. আলু ভাজা হয়ে গেলে আদাবাটা এবং কাঁচালংকা দিয়ে ভালো করে কষিয়ে নিন। আদার কাঁচা গন্ধ চলে গেলে সামান্য জল দিয়ে গুঁড়ো মশলাগুলো গুলে নিয়ে কড়াইতে দিয়ে দিন।
৩. মশলা থেকে তেল ছেড়ে এলে সেদ্ধ করে রাখা মোচা জল ঝরিয়ে দিয়ে দিন। সামান্য নুন দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দিন। কম আঁচে ৪-৫ মিনিট রান্না হতে দিন।
৪. ঢাকনা তুলে দেখে নিন মোচা থেকে জল বেরিয়েছে কি না। যদি না বেরোয়, সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে নিন। এবার নারকেল কোরা, সেদ্ধ ছোলা এবং চিনি মিশিয়ে আরও কিছুক্ষণ কষান।
৫. মোচা ভালোভাবে সেদ্ধ হয়ে এলে উপর থেকে ঘি এবং গরম মশলা ছড়িয়ে দিন। ভালো করে নেড়েচেড়ে আঁচ বন্ধ করে দিন এবং আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন।
এভাবেই তৈরি হয়ে যাবে গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য সুস্বাদু মোচার ডালনা।