শিয়ালদা-রানাঘাট AC লোকালে আটকে দমবন্ধ অবস্থা? ভাইরাল ভিডিও নিয়ে যা জানালো রেল কর্তৃপক্ষ

শিয়ালদা-রানাঘাট এসি লোকাল ট্রেন চালু হওয়ার পর থেকেই তা যাত্রী এবং ব্লগারদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। ট্রেনের ভেতরের ছবি ও ভিডিও তুলে অনেকেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন। সম্প্রতি এমনই এক ইউটিউবার আরিয়ারূপ একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যেখানে তিনি দমবন্ধ হয়ে ট্রেনের ভেতরে আটকে পড়ার অভিযোগ তুলেছেন।

ওই ইউটিউবার একটি ভিডিওতে দাবি করেন, রানাঘাট থেকে আসা এসি লোকাল ট্রেনটি শিয়ালদা স্টেশনে পৌঁছানোর পর সেটিকে কারশেডে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়। কিন্তু নিয়ম না জেনেই তিনি ট্রেনে রয়ে যান। কিছুক্ষণের মধ্যেই ট্রেনের সব দরজা বন্ধ করে দেওয়া হয় এবং এসিও বন্ধ করে দেওয়া হয়। এর ফলে তিনি ও ট্রেনের ভেতরে থাকা আরও কয়েকজন দমবন্ধ অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় ২০ মিনিট ধরে তারা বন্ধ কোচের ভিতরে আটকে ছিলেন বলে অভিযোগ করেছেন ওই যুবক। তিনি রেলের হেল্পলাইন নম্বরে ফোন করার এবং বাইরের যাত্রীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও ব্যর্থ হন।

যদিও এই ঘটনা নিয়ে রেল কর্তৃপক্ষ সম্পূর্ণ ভিন্ন কথা বলেছে। সংবাদমাধ্যমে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমত, ট্রেন স্টেশনে পৌঁছানোর পর কারশেডে নিয়ে যাওয়ার সময় তাতে থাকা আইনত অপরাধ। এই সময়ে বারবার মাইকে ঘোষণা করে যাত্রীদের নেমে যেতে বলা হয়। দ্বিতীয়ত, রেলের রেকর্ডে এই ধরনের কোনো ঘটনার অভিযোগ দায়ের করা হয়নি। রেল কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, কারশেডে যাওয়া ট্রেনে যাতে কেউ না উঠতে পারে, সে ব্যাপারে তারা এখন থেকে আরও বেশি সতর্ক থাকবে এবং রেল পুলিশকেও এ ব্যাপারে নজর রাখতে বলা হয়েছে।

উল্লেখ্য, যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য চালু হওয়া এই এসি লোকাল প্রতিদিন সকাল ৮টা ২৯ মিনিটে রানাঘাট থেকে ছেড়ে সকাল ১০টা ১০ মিনিটে শিয়ালদা পৌঁছায়। আবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে রাত ৮টা ৩২ মিনিটে রানাঘাট পৌঁছায়। ট্রেনটি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে থামে, যেমন বিধাননগর, দমদম, সোদপুর, ব্যারাকপুর ইত্যাদি।