প্রয়াত অভিনেতা অচ্যুত পোতদার, ‘3 Idiots’-সিনেমায় অভিনয় করে ফেলেছিলেন সাড়া

বলিউডের পরিচিত মুখ, বর্ষীয়ান অভিনেতা অচ্যুত পোতদার ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন। মঙ্গলবার থানের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হিন্দি, মারাঠি ও ছোটপর্দার দর্শকরা তাকে চিরকাল মনে রাখবেন বিশেষত রাজকুমার হিরানি পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘থ্রি ইডিয়টস’-এর সেই অধ্যাপকের চরিত্রে, যিনি আমির খানের ‘মেশিন’-এর সংজ্ঞা শুনে অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, ‘আরে কেহনা ক্যায়া চাহাতে হো?’। পর্দার সেই চরিত্রটিই বাস্তব জীবনে অচ্যুত পোতদার।
জানা গেছে, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এই অভিনেতা। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট জানা যায়নি। আজই তার শেষকৃত্য সম্পন্ন হবে। অভিনয়ে আসার আগে অচ্যুত ভারতীয় সশস্ত্র বাহিনীতে কাজ করতেন। পরে ইন্ডিয়ান অয়েলে চাকরি করেছেন। অভিনয় ছিল তার প্রকৃত ভালোবাসা, আর সেই ভালোবাসার টানেই ৮০-র দশকে টেলিভিশনের মাধ্যমে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। এরপর দীর্ঘ চার দশক ধরে তিনি চুটিয়ে অভিনয় করেছেন।
প্রায় ১২৫টিরও বেশি হিন্দি এবং মারাঠি ছবিতে অভিনয় করেছেন অচ্যুত পোতদার। তার পরিচিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘আক্রোশ’, ‘অর্ধ সত্য’, ‘তেজাব’, ‘পারিন্দা’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘পরিণীতা’, ‘দাবাং ২’ এবং ‘ভেন্টিলেটর’। ‘থ্রি ইডিয়টস’ ছবিতে কঠোর কিন্তু মায়াবী ইঞ্জিনিয়ারিং অধ্যাপকের চরিত্রে অভিনয় করে তিনি প্রতিটি দর্শকের কাছে পরিচিতি লাভ করেন। তার ‘ক্যায়া বাত হ্যায়!’ সংলাপটি আজও জনপ্রিয় সংস্কৃতিতে এক বিশেষ স্থান দখল করে আছে।
বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও তিনি সমানভাবে সফল ছিলেন। ‘ওয়াগলে কি দুনিয়া’, ‘ভারত কি খোঁজ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকেও তিনি কাজ করেছেন। মঞ্চ, টেলিভিশন এবং সিনেমার জগতে তার সাবলীল বিচরণই তার বহুমুখী প্রতিভাকে প্রমাণ করে। ভারতীয় সিনেমায় অচ্যুত পোতদারের অবদান অপরিসীম, এবং তার প্রতিভার জন্য তিনি ইন্ডাস্ট্রির সবার কাছেই সম্মানিত ছিলেন।