“ব্রিটিশদের ভয়ে জার্মানি পালিয়েছিলেন নেতাজি!”-দাবি সরকারি পাঠ্যবইয়ে, শুরু তুমুল বিতর্ক

ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একটি বিতর্কিত তথ্য প্রকাশিত হয়েছে কেরলের একটি সরকারি পাঠ্যপুস্তকে। সেখানে দাবি করা হয়েছে, ব্রিটিশদের ভয়ে নাকি নেতাজি জার্মানি পালিয়ে গিয়েছিলেন। এই গুরুতর ঐতিহাসিক ভুলের কারণে রাজ্যজুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে এবং কেরল সরকার দ্রুত ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে।

জানা গিয়েছে, কেরলের শিক্ষা দফতরের স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (SCERT) চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি হ্যান্ডবুক বিতরণ করেছিল। সেই বইটিতেই নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে এমন বিকৃত তথ্য লেখা হয়েছিল। শিক্ষকরা প্রথম বইটি পড়ার সময়ই এই ভুলটি তাঁদের নজরে আসে এবং সঙ্গে সঙ্গে তাঁরা বিষয়টি শিক্ষা দফতরকে জানান।

এই খবর ছড়িয়ে পড়তেই কেরলের শিক্ষা দফতর সমালোচনার মুখে পড়ে। বিতর্কের মুখে পড়া মাত্রই সরকার দ্রুত ওই বইগুলো বাজার থেকে ফিরিয়ে নেয়। পরে ‘ব্রিটিশদের ভয়ে দেশ ছেড়েছিলেন সুভাষচন্দ্র বসু’—এই লাইনটি পরিবর্তন করে নতুন করে বই পাঠানো হয়। তবে এই ঘটনায় বিতর্কের জল অনেকদূর গড়িয়েছে।

কেরলের শিক্ষামন্ত্রী ভি শিবানকুট্টি সাংবাদিকদের কাছে এই বিষয়ে বলেন, “পাঠ্যপুস্তকের খসড়ায় কিছু ঐতিহাসিক ভুল ছিল। বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে দ্রুত তা সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছিল।” তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে ইতিহাস বিকৃত করার কেন্দ্রীয় সরকারের অবস্থানের সঙ্গে কেরল সরকার একমত নয়। তাই এই ভুলের জন্য শাস্তি হিসেবে SCERT-এর নির্দিষ্ট পাঠ্যপুস্তক কমিটির সদস্যদের বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। পুরো ঘটনার প্রতিবাদে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) মাঠে নেমেছে।