তিলোত্তমার পরিবারের পাশে দ্রৌপদী মুর্মু, রাজ্য়ের মুখ্যসচিবকে চিঠি রাষ্ট্রপতির

সম্প্রতি নবান্ন অভিযানে মৃত তিলোত্তমার মা আক্রান্ত হওয়ার অভিযোগ জানানোর পর এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন। তিলোত্তমার বাবা-মায়ের আবেদনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি এই পদক্ষেপ নিয়েছেন।
গত ৯ আগস্ট আরজি কর-কাণ্ডে মৃত তিলোত্তমার মৃত্যুবার্ষিকীর দিন তার বাবা-মা নবান্ন অভিযানে যোগ দেন। অভিযোগ, সেই অভিযানের সময় পুলিশ তাদের ওপর চড়াও হয় এবং তিলোত্তমার মা আক্রান্ত হন। এই ঘটনার পর তিলোত্তমার বাবা-মা রাষ্ট্রপতিকে একটি ইমেল করে তাদের ওপর হওয়া আক্রমণের কথা জানান।
গত ১৩ আগস্ট, তিলোত্তমার বাবা রাষ্ট্রপতিকে লেখা ইমেলটিতে বলেন, “আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের বাঁচান। আমরা সবকিছু হারিয়েছি। আমার মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমার মেয়ের মৃত্যুবার্ষিকীতে আমার স্ত্রীকে আক্রমণ করা হয়েছে। এই নিয়ে তৃতীয়বার আমরা ইমেল করলাম। আমাদের অনুরোধ, এবার উত্তর দিন।”
এরপরই রাইসিনা হিলস থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। গত ১৪ আগস্ট রাষ্ট্রপতির কার্যালয় থেকে তিলোত্তমার বাবার কাছে একটি ইমেল আসে, যেখানে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। রাষ্ট্রপতি জানান, তার আপ্তসহায়ক তিলোত্তমার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং তাদের সমস্যার সমাধানের চেষ্টা করবেন।
এবার তিলোত্তমার বাবা-মায়ের আর্জির প্রেক্ষিতে রাষ্ট্রপতি রাজ্যের মুখ্যসচিবের কাছে একটি চিঠি পাঠিয়ে এই ঘটনার বিষয়ে রিপোর্ট চেয়েছেন। চিঠিতে জানতে চাওয়া হয়েছে, এই বিষয়ে কী পদক্ষেপ করা হয়েছে। এই পদক্ষেপ তিলোত্তমার পরিবারকে আশার আলো দেখাচ্ছে এবং বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।