জন্মাষ্টমীতেও ভারী দুর্যোগের আশঙ্কা বঙ্গে, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জেনেনিন হওয়া অফিস কি বলছে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের কারণে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী এক সপ্তাহজুড়ে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

জন্মাষ্টমীর দিনেও বৃষ্টির পূর্বাভাস ছিল, এবং সেই অনুযায়ী আজ, শনিবার, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানানো হয়েছে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার এই সতর্কতা বাকি জেলাগুলিতেও জারি থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে, তবে হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং বাঁকুড়ায় বৃষ্টিপাত চলতে পারে।

উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে রবিবার এবং সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং প্রবল বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

বৃষ্টিপাত সত্ত্বেও দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। দিনের বেলায় সূর্যের তেজ কিছুটা থাকবে, তবে রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এই বছর বর্ষায় ভালোই বৃষ্টি হচ্ছে, যা জুলাইয়ের পর আগস্টেও অব্যাহত রয়েছে। আগামী মাসেই দুর্গাপূজা। তাই পুজোয় আবহাওয়া কেমন থাকে, তা নিয়ে এখন থেকেই উদ্যোক্তারা চিন্তিত।