“টিমের ভালটাই সবার উর্ধ্বে”-বিরাট কোহলির পারফর্ম্যান্স নিয়ে ইরফান পাঠানের অকপট মন্তব্য

ক্রিকেট অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তার সাম্প্রতিক ফর্ম নিয়ে কথা বলতে গিয়ে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। পাঠানের মতে, কোনো খেলোয়াড়ের ফর্ম খারাপ হলে প্রথম দিকে তাকে সমর্থন জানানো উচিত। কিন্তু যদি সেই খারাপ ফর্ম দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তাহলে দলের কথা ভেবে নতুন করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
‘গোল্ডেন টাইম’ থেকে ফর্মের পতন: পাঠান তার মন্তব্যে বলেন, “২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিরাট কোহলি টেস্ট ক্রিকেটের রাজা ছিলেন।” এই সময়ের মধ্যে ৪৩টি টেস্ট ম্যাচে তিনি ৪,২০৮ রান করেছিলেন, যেখানে তার গড় ছিল ৬৯.৭৯। মাত্র চার বছরেই তিনি ১৬টি সেঞ্চুরি এবং ১০টি হাফ সেঞ্চুরি করেন। অধিনায়ক হিসেবেও তার দাপট ছিল চোখে পড়ার মতো, এবং তিনি নিজেকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠা করেন।
তবে ২০২০ সাল থেকে ধীরে ধীরে কোহলির পারফর্ম্যান্সের পতন শুরু হয়। টানা তিন বছর তিনি টেস্টে কোনো সেঞ্চুরি করতে পারেননি। এই প্রসঙ্গে ইরফান পাঠান বলেন, “বিরাট কোহলির ২০১৯-২০২০ থেকে পারফর্ম্যান্সের পতন শুরু হয়। তখন আমি সোশ্যাল মিডিয়াতেও তাকে সমর্থন করেছি। বড় খেলোয়াড় যখন প্রথমবার খারাপ ফর্মে পড়েন, তখন অবশ্যই তাকে সমর্থন করা উচিত। কিন্তু যদি সেই খারাপ ফর্মই পাঁচ বছর ধরে চলতে থাকে, তখন সেটা ঠিক নয়। টিমের ভালটাই সবার উপরে।”
সমস্যা কি কৌশলে?: ইরফান পাঠান আরও বলেন, “যদি কেউ বারবার একই উপায়ে আউট হতে থাকেন, তখন প্রতিপক্ষ কেবল একটি পরিকল্পনা নিয়েই তার বিরুদ্ধে খেলবে। তাদের আর দ্বিতীয় কোনো পরিকল্পনা করার প্রয়োজন হবে না। একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়ের কাজ হলো প্রতিপক্ষকে দ্বিতীয় পরিকল্পনা ব্যবহার করতে বাধ্য করা। বিরাট কোহলির সমস্যা হলো, তিনি টানা একইভাবে আউট হচ্ছিলেন।” পাঠান বলেন যে, এর মানে এই নয় যে কোহলি একজন খারাপ খেলোয়াড়, বরং তিনি নিঃসন্দেহে একজন মহান খেলোয়াড়, কিন্তু বাস্তব পরিস্থিতি মেনে নেওয়া জরুরি।
২০২৪ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে স্পিন বোলারদের মোকাবিলায় তার দুর্বলতা ধরা পড়েছিল। এরপর তাকে ঘরোয়া ক্রিকেটে (রঞ্জি ট্রফি) খেলার পরামর্শ দেওয়া হয়েছিল। তিনি একবার দিল্লির হয়ে খেললেও তেমন প্রভাব ফেলতে পারেননি।
সম্প্রতি অস্ট্রেলিয়া সফরের পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি এবং এখন শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটে খেলছেন। তবে ক্রিকেট মহলে জল্পনা চলছে যে, তিনি কি ওয়ানডে থেকেও দ্রুত বিদায় নেবেন, নাকি আন্তর্জাতিক ক্রিকেটে আরও কিছুটা সময় কাটাবেন।