১০ বছর পর দেব-শুভশ্রী ‘কাছাকাছি’, এবার মুখ খুললেন দেবের ‘প্রেমিকা’ রুক্মিণী

দেব এবং শুভশ্রী জুটির দীর্ঘ প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ধূমকেতু’ অবশেষে ১৪ আগস্ট মুক্তি পেয়েছে, যা দর্শকদের মাঝে দারুণ উদ্দীপনা তৈরি করেছে। ছবির মুক্তির আগে থেকেই দেব-শুভশ্রীর মঞ্চে উপস্থিতি এবং পরবর্তীতে কালীঘাটের মন্দিরে একসঙ্গে পূজা দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা শুরু হয়। এই নিয়ে তৈরি হওয়া নানা মিম ও কটাক্ষের শিকার হন দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র এবং শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী। এই ব্যক্তিগত আক্রমণের পরিপ্রেক্ষিতে দেব আগেই ক্ষমা চেয়েছিলেন। এবার এই বিষয়ে মুখ খুললেন রুক্মিণী।

সম্প্রতি একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রুক্মিণী বলেন, “আমি হাসি-ঠাট্টা পছন্দ করি, তাই সোশ্যাল মিডিয়ায় এসব দেখে আমি খুব হেসেছি। আপনারা চালিয়ে যান। আমাদের ছবি হিট হয়েছে, তাই সবকিছুই চলতে পারে, এতে কোনো সমস্যা নেই। দেবের কাছে আমাকে কোনোদিন ক্ষমা চাইতে হবে না।” রুক্মিণী আরও জানান, এত বছর পর দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখে সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে, তা তাকে একেবারেই প্রভাবিত করতে পারেনি।

পেশাদারিত্বের দিকটি তুলে ধরে রুক্মিণী বলেন, “আমরা ২০২৫ সালে আছি, সবাই পেশাদারিত্বটা বুঝি। তাই এ ধরনের প্রশ্ন উঠতেই পারে না। ব্যক্তিগত সম্পর্কগুলো বাইরে থেকে বোঝা যায় না, আর একটা ছবির জন্য যে পেশাদারিত্ব দেখানো হয়েছে, সেটাকে অন্যভাবে দেখলে জীবনে অনেকটা পিছিয়ে যেতে হবে। মজা-ইয়ার্কি সবই ঠিক আছে, কিন্তু যারা এসব নিয়ে ভাবছেন, তারা হয়তো মানসিকভাবে অনেক পিছিয়ে আছেন।” উল্লেখ্য, দেব মন্দিরে শুভশ্রীর সঙ্গে গেলেও নিজের পরিবারের পাশাপাশি রুক্মিণীর নামেও পূজা দিয়েছিলেন।

এদিকে, রুক্মিণীর ব্যক্তিগত জীবনে সম্প্রতি একটি বড় ঘটনা ঘটেছে। তার দাদু মারা যাওয়ায় তিনি শোকাহত। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, দাদুর মৃত্যুর খবর পেয়ে তিনি তড়িঘড়ি মুম্বাই থেকে কলকাতায় ফিরে এসেছেন এবং কিছুদিন লোকচক্ষুর অন্তরালে ছিলেন। গুঞ্জন রয়েছে, রুক্মিণী নাকি স্থায়ীভাবে মুম্বাইয়ে থাকার পরিকল্পনা করছেন এবং হিন্দি ছবির ওয়ার্কশপ করছেন। তবে এই বিষয়ে তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।