মুম্বইয়ের হাসপাতাল থেকে পালালেন অন্তঃসত্ত্বা বাংলাদেশি বন্দি, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

ভুয়া জন্ম শংসাপত্র ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট তৈরির অভিযোগে মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হওয়া এক বাংলাদেশি মহিলা বন্দি জে জে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে পালিয়েছেন। এই ঘটনায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক ওই বন্দির নাম রুবিনা ইরশাদ শেখ (২৫), যিনি বাংলাদেশের নাগরিক। গত ৭ আগস্ট মুম্বাই পুলিশ তাকে গ্রেফতার করে। রুবিনার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি জাল নথি ব্যবহার করে নিজের নামে ভারতীয় পাসপোর্ট তৈরি করেছিলেন। তার বিরুদ্ধে পাসপোর্ট আইন ও ফরেনার্স অ্যাক্ট-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়।
গ্রেফতারের সময় ওই মহিলা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ১১ আগস্ট জ্বর এবং ত্বকের সংক্রমণের কারণে তাকে মুম্বাইয়ের জে জে হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১৪ আগস্ট দুপুরবেলা তিনি হাসপাতালের ভেতরে কর্তব্যরত এক পুলিশ কনস্টেবলকে ধাক্কা মেরে পালিয়ে যান। হাসপাতালের ভিড়ের সুযোগ নিয়ে তিনি দ্রুত অদৃশ্য হয়ে যান, যার ফলে তাকে ধরা সম্ভব হয়নি।
এই ঘটনার পর থেকেই পলাতক রুবিনাকে খুঁজে বের করার জন্য মুম্বাই পুলিশের পক্ষ থেকে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। মুম্বাই শহরের বিভিন্ন এলাকায় তার খোঁজে তল্লাশি অভিযান চলছে। তবে হাসপাতালে বন্দিদের ওপর নজরদারি এবং নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।