মোদীকে ‘বিশ্বের সবচেয়ে বড় নারীবাদী’ বললেন কঙ্গনা রানাওয়াত

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী এবং রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে “বিশ্বের সবচেয়ে বড় নারীবাদী” বলে সম্বোধন করেছেন। রাজনীতিতে আসার আগে থেকেই বিজেপি-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কঙ্গনা, প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে বলেন যে তিনি নারীদের উন্নতির জন্য অনেক কাজ করেছেন।

কঙ্গনা তার মন্তব্যের পক্ষে যুক্তি হিসেবে বলেন, “আমার মনে হয় গোটা বিশ্বে যদি সবচেয়ে বড় কোনো নারীবাদী থাকেন তাহলে তিনি হলেন মোদীজি। তিনি প্রথমেই ক্ষমতায় এসে শৌচালয় তৈরি করেছিলেন।” কঙ্গনা মনে করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পদক্ষেপগুলি নিয়েছেন, সেগুলি নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি প্রভাব ফেলেছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী রান্নার জন্য কাঠকয়লার বদলে গ্যাস ওভেনের ব্যবস্থা করেছেন, মহিলাদের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন এবং রাজনীতিতে তাদের সংরক্ষণ বৃদ্ধি করেছেন। এই সমস্ত কাজের পরিপ্রেক্ষিতে কঙ্গনা মনে করেন, যে ব্যক্তি মহিলাদের উন্নতির কথা ভাবেন, তার থেকে বড় নারীবাদী আর কেউ হতে পারেন না।

কঙ্গনা বরাবরই প্রধানমন্ত্রী মোদীর একজন বড় সমর্থক। সাংসদ হওয়ার পর তার এই সমর্থন আরও বেড়েছে। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে, যেখানে অনেকেই মোদীর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারী ক্ষমতায়নের দিকটি তুলে ধরেন।