‘এসআইআর কখনোই এনআরসি নয়’, নন্দীগ্রামে মমতাকে পাল্টা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কেন্দ্র সরকার এসআইআর-এর নামে এনআরসি চালু করেছে’— এই অভিযোগের কড়া জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার নন্দীগ্রামে স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে তিনি বলেন, “এসআইআর কখনোই এনআরসি নয়। ঢপবাজি বন্ধ করুন।”

শুভেন্দু অধিকারী তার বক্তব্যে মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করে বলেন, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জি) বলে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, “এসআইআর (Special Intensive Revision) অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে, আর দিদি এটাকে এনআরসি বলে মানুষকে ভয় দেখাচ্ছেন।”

নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে এসআইআর-কে এনআরসি-র সঙ্গে তুলনা করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। এবার শুভেন্দু তার এই অভিযোগের সরাসরি জবাব দিলেন। আগামী দিনে এই ইস্যু রাজ্য রাজনীতিতে আরও উত্তাপ ছড়াবে বলে মনে করা হচ্ছে।