রেড রোডে কেন অসুস্থ হয়ে পড়ল এত পড়ুয়া? কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে ৩৫ জন স্কুল পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে। এই শিক্ষার্থীরা বিদ্যালয় শিক্ষা বিভাগের পদযাত্রায় অংশ নিয়েছিল। অসুস্থ হওয়ার পর তাদের দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দেখতে হাসপাতালে পৌঁছান।
হাসপাতালে অসুস্থ পড়ুয়াদের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী জানান, “আসলে খুব গরম, তার মধ্যে বৃষ্টি হয়েছে। অনেকের ডিহাইড্রেশনের মতো পরিস্থিতি ছিল। এখন সবাই ঠিক আছে। ওদের লাঞ্চ খাওয়ানোর পর ছেড়ে দেওয়া হবে।” তিনি আরও বলেন, “ওরা এসেছিল ৩৯ জন। তার মধ্যে একজন টেনশন করছিল। অনেকেই খায় না, ডায়েটিং করে এমন হয়েছে, খায় না।” মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তিনি নিজে প্রত্যেককে দেখেছেন এবং তাদের সঙ্গে কথা বলেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ শিক্ষার্থীদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রত্যেকের ডিহাইড্রেশন হয়েছিল এবং তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা চলছে। বর্তমানে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই শিক্ষার্থীদের মধ্যে মালদহ, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কলকাতার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা ছিল।