বিপাশাকে নিয়ে পুরনো মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন মৃণাল ঠাকুর, পাশে দাঁড়ালেন হিনা খান

বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুরের একটি পুরনো ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি অভিনেত্রী বিপাশা বসুর চেহারা নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। ওই ভিডিওতে তাঁকে বিপাশাকে ‘পুরুষালি পেশীবহুল মেয়ে’ বলে মন্তব্য করতে শোনা যায়। এই মন্তব্যের জন্য মৃণাল ঠাকুর বৃহস্পতিবার প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। ক্ষমা চাওয়ার পর এবার তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন অভিনেত্রী হিনা খান।
হিনা খান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে মৃণালকে সমর্থন করে একটি দীর্ঘ পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “জ্ঞান হলো এমন এক বৃক্ষের ফল যা অভিজ্ঞতার মাধ্যমে জন্ম নেয়। আমাদের সামাজিক দক্ষতা, যোগাযোগ এবং বোঝার গভীরতা সময়ের সঙ্গে সঙ্গে আসে। আমরা সবাই ভুল করি, বিশেষ করে যখন আমরা ছোট থাকি। মৃণালের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আমি অতীতেও এমন ভুল করেছি।”
হিনা আরও বলেন, “আমরা অনেকেই অনেক কিছু প্রকাশ করি, কিন্তু তা সামলানোর দক্ষতা আমাদের থাকে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বদলে যাই, আমরা আরও দয়ালু এবং সহানুভূতিশীল হয়ে উঠি। আমরা একে অপরকে উপরে তুলতে শিখি।”
হিনা খান কেবল মৃণালকেই সমর্থন করেননি, তিনি বিপাশা বসুরও প্রশংসা করেছেন। তিনি লিখেছেন যে বিপাশা এবং মৃণাল দুজনেই অসাধারণ মহিলা এবং বিপাশা সমগ্র নারী সমাজের জন্য অনুপ্রেরণা। হিনা বলেন, “আমি খুব খুশি এবং গর্বিত যে মৃণাল তার ভুল মেনে নিয়েছে।”