ইজরায়েলের মতোই আকাশপথে শত্রুর হামলা রুখতে ভারত তৈরি করবে নিজস্ব আয়রন ডোম, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

জন্মাষ্টমীর ঠিক আগের দিন স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এক বড় ঘোষণা করলেন। তিনি জানান, ভারত খুব শীঘ্রই ইজরায়েলের ‘আয়রন ডোম’-এর আদলে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে, যার নাম হবে ‘মিশন সুদর্শন চক্র’। এই ব্যবস্থা আগামী ১০ বছরের মধ্যে প্রস্তুত হবে বলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন।
‘মিশন সুদর্শন চক্র’ কী?
প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘মিশন সুদর্শন চক্র’ এমন একটি শক্তিশালী ব্যবস্থা হবে যা শুধু শত্রুর আক্রমণ রুখেই থেমে যাবে না, বরং পাল্টা আক্রমণ চালিয়ে প্রতিশোধ নিতেও সক্ষম। শ্রীকৃষ্ণের অস্ত্র সুদর্শন চক্রের মতোই এটি দেশের আকাশসীমার ঢাল হিসেবে কাজ করবে। তিনি আরও জানান, এই ব্যবস্থাটি সম্পূর্ণভাবে ‘মেক ইন ইন্ডিয়া’ (Make in India)-র অধীনে তৈরি হবে, যেখানে গবেষণা, উন্নয়ন এবং উৎপাদন সবই ভারতেই করা হবে। এই আধুনিক অস্ত্রের কৌশল এমন হবে যে এটি ভবিষ্যতের পরিস্থিতি পর্যবেক্ষণ করে ‘প্লাস-ওয়ান’ (Plus-one) পদ্ধতিতে কৌশলও তৈরি করতে পারবে।
পাকিস্তানের ‘আর্মি রকেট ফোর্স’-এর পাল্টা জবাব
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সম্প্রতি ‘আর্মি রকেট ফোর্স’ নামে একটি নতুন সামরিক শাখা তৈরির কথা ঘোষণা করেছেন। এর ঠিক পরেই প্রধানমন্ত্রী মোদীর ‘মিশন সুদর্শন চক্র’ ঘোষণার মাধ্যমে ভারত যে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, সেই কড়া বার্তা পাকিস্তানকে দেওয়া হলো। মোদীর এই ঘোষণা অপারেশন সিঁদুরের পর ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আগ্রাসী ও শক্তিশালী করার ইঙ্গিত বহন করে।