‘বলিউডের বেশিরভাগ নায়কগুলোই চূড়ান্ত অসভ্য!’ কীর্তি ফাঁস করলেন কঙ্গনা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত বরাবরই ইন্ডাস্ট্রির ভেতরের অন্ধকার দিক নিয়ে সরব। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি আবারও বিস্ফোরক মন্তব্য করে দাবি করেছেন যে বলিউডের বেশিরভাগ নায়কই ‘বদতেমিজ’ বা ‘চূড়ান্ত অসভ্য’। এই ধরনের আচরণ কখনোই তাঁকে দমাতে পারেনি বলেও তিনি জানান।
সাক্ষাৎকারে কঙ্গনা জানান যে তিনি খুব বেশি বলিউড নায়কের সঙ্গে কাজ করেননি, কারণ তাদের বেশিরভাগই অসভ্য। তাঁর মতে, এই ‘অসভ্যতামো’ শুধু যৌন হেনস্থাতেই সীমাবদ্ধ নয়। শুটিংয়ে দেরি করে আসা, রূঢ় আচরণ করা, সহ-অভিনেত্রীকে অপমান করা, তার চরিত্রকে গুরুত্বহীন করে দেওয়া এবং বিশ্রামের জন্য ভ্যানিটি ভ্যান না দেওয়ার মতো আচরণ তিনি সহ্য করেছেন।
তিনি বলেন, যেহেতু তিনি এসব মেনে নেননি, তাই তাঁর বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। কঙ্গনার অভিযোগ, ইন্ডাস্ট্রির বেশিরভাগ অভিনেত্রী চুপ করে থাকলেও, তিনি প্রতিবাদ করেছেন বলেই তাঁকে ‘অহংকারী’ হিসেবে দেখা হয়েছে।
২০০৬ সালে ‘গ্যাংস্টার’ ছবি দিয়ে বলিউডে পা রাখার পর থেকে কঙ্গনার যাত্রা ছিল সাফল্য ও সংগ্রামের মিশ্রণ। ‘ফ্যাশন’ ছবির জন্য তিনি প্রথম জাতীয় পুরস্কার পান। এরপর ‘কুইন’ এবং ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এর মতো ছবি তাঁকে বলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। তিনি মোট চারটি জাতীয় পুরস্কার জিতেছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ইমার্জেন্সি’ ছবিতে তিনি শুধু অভিনয়ই করেননি, বরং পরিচালক, সহ-প্রযোজক ও চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন।