স্বাধীনতা দিবসে মুক্তি পেল ‘বর্ডার ২’-এর ফার্স্ট লুক, সৈনিক রূপে সানি দেওল! দেখে মুগ্ধ ভক্তরা

আজ, ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘বর্ডার ২’-এর প্রথম পোস্টার মুক্তি পেয়েছে। ১৯৯৭ সালের কালজয়ী ছবি ‘বর্ডার’-এর এই সিকুয়েলটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি, যা ভারতীয় সেনাবাহিনীর সাহস, ত্যাগ ও লড়াইয়ের কাহিনি তুলে ধরবে।
পোস্টারে অভিনেতা সানি দেওলকে তাঁর সেই পরিচিত সৈনিক অবতারে দেখা গেছে। ২৭ বছর আগে ‘বর্ডার’ ছবিতে তাঁর অভিনয় ভারতীয় সিনেমায় দেশাত্মবোধের নতুন মাত্রা যোগ করেছিল। এবারও তিনি সেই একই তেজ এবং আবেগ নিয়ে পর্দায় ফিরছেন।
ছবিটি আগামী ২২ জানুয়ারি, ২০২৬, প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে বড়পর্দায় মুক্তি পাবে। সানি দেওল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, অহন শেট্টি, মেধা রাণা, মোনা সিং ও সোনম বাজওয়া। ছবিটি প্রযোজনা করছেন ভূষণ কুমার, কৃষণ কুমার, জেপি দত্ত ও নিধি দত্ত। টি-সিরিজ এবং জেপি ফিল্মস যৌথভাবে ছবিটি উপস্থাপন করছে।