জন্মাষ্টমীর ছুটি নিয়ে বিভ্রান্তি, অবশেষে ১৬ আগস্ট ছুটি ঘোষণা করল নবান্ন

মহার্ঘ ভাতার (ডিএ) দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলনের মধ্যেই আরেকটি গুরুত্বপূর্ণ দাবি মেনে নিল নবান্ন। জন্মাষ্টমীর ছুটি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটিয়ে রাজ্য সরকার অবশেষে ১৬ আগস্ট, শনিবার ছুটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার অর্থ দফতরের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ওই দিন রাজ্যের সমস্ত সরকারি অফিস, স্কুল, কলেজ এবং অন্যান্য দফতর বন্ধ থাকবে।
নভেম্বর মাসে নবান্ন কর্তৃক প্রকাশিত ছুটির তালিকায় জন্মাষ্টমীর ছুটি ১৫ আগস্ট উল্লেখ করা হয়েছিল, যা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কারণ, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জন্মাষ্টমী পড়েছে ১৬ আগস্ট। এ নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী প্রশ্ন তুলেছিলেন এবং অবিলম্বে এই ভুল সংশোধনের দাবি জানিয়েছিলেন।
তার দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার নবান্ন ছুটি সংশোধনের এই বিজ্ঞপ্তি জারি করে। এই সিদ্ধান্তের পর কিংকর অধিকারী বলেন, “অবশেষে রাজ্য সরকার ১৬ আগস্ট শনিবার জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করলো। আমরা দীর্ঘদিন ধরে এই ভুল সংশোধনের দাবি জানিয়ে আসছিলাম।” তিনি আরও বলেন যে, ভবিষ্যতে যাতে এমন ভুল না হয়, তার জন্য সতর্ক থাকা জরুরি।
যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এই ভুল নিয়ে কোনো মন্তব্য করা হয়নি, তবে ১৫ আগস্টের পরিবর্তে ১৬ আগস্ট জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করে তারা কর্মচারীদের এই দাবিকে মেনে নিল। এই সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।