মহারাষ্ট্র দলের হয়ে ক্রিকেটে ফিরছেন পৃথ্বী শ, বুচি বাবু টুর্নামেন্টে নতুন শুরু

একসময় ভারতের ক্রিকেট অঙ্গনে ঝড় তোলা তরুণ প্রতিভা পৃথ্বী শ এবার মূলস্রোতে ফিরতে চলেছেন। ২০১৮ সালে তার নেতৃত্বে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল। সময়ের সঙ্গে তার সতীর্থ শুভমন গিল যখন আন্তর্জাতিক ক্রিকেটে উজ্জ্বল, তখন পৃথ্বী ক্রিকেট থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন। তবে এবার নতুন দল মহারাষ্ট্রের হয়ে তার প্রত্যাবর্তন নিশ্চিত হয়েছে।
গত মৌসুমে মুম্বই রঞ্জি দল থেকে বাদ পড়ার পর থেকেই পৃথ্বীর ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দেয়। এরপর তিনি মহারাষ্ট্রের হয়ে খেলার সিদ্ধান্ত নেন এবং আসন্ন রঞ্জি ট্রফিতে এই দলের হয়েই খেলবেন। তবে তার নতুন যাত্রা শুরু হতে চলেছে চেন্নাইতে আয়োজিত আমন্ত্রণমূলক বুচি বাবু টুর্নামেন্ট থেকে, যা ১৮ আগস্ট থেকে শুরু হচ্ছে।
বুচি বাবু টুর্নামেন্টের জন্য মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এই স্কোয়াডে পৃথ্বী শ ছাড়াও আইপিএলের মাঝপথে চোট পাওয়া ঋতুরাজ গায়কোয়াড়ও রয়েছেন। তবে ঋতুরাজকে দলীপ ট্রফির জন্য প্রথম ম্যাচ খেলেই ফিরে যেতে হবে। এই টুর্নামেন্টে মহারাষ্ট্র দলকে নেতৃত্ব দেবেন অঙ্কিত বাওনে।
একসময় সচিন তেন্ডুলকরের উত্তরসূরি হিসেবে বিবেচিত পৃথ্বী শ আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম টেস্ট ম্যাচেই সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন। কিন্তু ক্রিকেট জীবনের বাইরে নানা সমস্যার কারণে তার ফর্ম ধরে রাখা সম্ভব হয়নি। আইপিএলেও তিনি কোনো দল পাননি। এখন মহারাষ্ট্রের হয়ে এই নতুন সুযোগ তার ক্রিকেট ক্যারিয়ারকে আবার নতুনভাবে গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হতে পারে বলে মনে করা হচ্ছে।