স্কুটিতে বেঁধে পথকুকুরকে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন ব্যক্তি, প্রতিবাদে উত্তাল সোশ্যাল মিডিয়া

দিল্লির পথ কুকুরদের আশ্রয়স্থলে পাঠানোর সুপ্রিম কোর্টের নির্দেশের পর দেশজুড়ে বিতর্কের মাঝেই উত্তরপ্রদেশের ঝাঁসিতে একটি বীভৎস ঘটনা সামনে এসেছে। রেলওয়ে কলোনি এলাকায় একটি স্কুটির পিছনে দড়ি দিয়ে বেঁধে একটি কুকুরকে টেনে নিয়ে যাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে সকলেই ক্ষোভে ফেটে পড়েছেন।
প্রায় ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, দুজন ব্যক্তি একটি স্কুটিতে বসে আছেন এবং পিছনের লম্বা দড়িতে বাঁধা কুকুরটি রাস্তায় ছটফট করতে করতে চিৎকার করছে। তবুও স্কুটিটি থামছে না। এই দৃশ্য দেখে ঘটনাস্থলে উপস্থিত কিছু পশুপ্রেমী প্রতিবাদ জানান এবং মোবাইলে পুরো ঘটনাটি রেকর্ড করে রাখেন।
তাদের প্রতিবাদের মুখে স্কুটি চালক বলেন, “এই কুকুরটি বাচ্চাদের কামড়াচ্ছিল, তাই আমরা একে নিয়ে যাচ্ছি।” এই বলে তারা তাদের নৃশংস আচরণের ন্যায্যতা প্রমাণের চেষ্টা করেন। স্থানীয় পশুপ্রেমীরা এই ঘটনাটি পুলিশকে জানিয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। অনেকেই এমন নিষ্ঠুরতার তীব্র নিন্দা করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর যেখানে পথ কুকুরদের নিয়ে বিতর্ক চলছে, সেখানে এই ধরনের ঘটনা প্রাণী সুরক্ষার বিষয়টি নতুন করে সামনে এনেছে। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে, তা এখনো জানা যায়নি, তবে এই ঘটনা জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।