বক্সঅফিস কাঁপাচ্ছে ‘ধূমকেতু’! এর মাঝেই প্রকাশ্যে এল দেবের ‘রঘু ডাকাত’-এর পোস্টার

দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ যখন বক্সঅফিসে সাড়া ফেলে দিয়েছে, তখনই প্রকাশ্যে এল দেবের আরও একটি বহু প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’-এর পোস্টার। চলতি বছরের পুজোতে ছবিটি মুক্তি পাবে বলে নির্মাতারা জানিয়েছেন। এর আগে ছবির ঘোষণা হলেও কাজ বন্ধ ছিল, যা চলতি বছরে আবার শুরু হয়েছে।
বৃহস্পতিবার, ১৪ই আগস্ট, ‘রঘু ডাকাত’-এর অফিশিয়াল পোস্টারটি মুক্তি পেয়েছে। এই পোস্টারে দেবকে একদম অন্যরকম লুকে দেখা যাচ্ছে। বড় বড় চুল, মুখে দাড়ি-গোঁফ, এবং পরনে ধুতি ও কোমরে লাল শালু। তাঁর এক হাতে খড়্গ এবং অন্য হাতে ঘোড়ার লাগাম। কপালে সিঁদুর ও মুখে এক হিংস্র অভিব্যক্তি নিয়ে তিনি যেন ঘোড়ার পিঠে বসে কোনো অজানা শত্রুকে নাশ করতে যাচ্ছেন। পোস্টারের আবহ জুড়ে ঝড় ও আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে, যা ছবিটির উত্তেজনাপূর্ণ গল্পের ইঙ্গিত দিচ্ছে।
নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু পোস্টার নয়, একই দিনে ‘রঘু ডাকাত’-এর টিজারও মুক্তি পেয়েছে। তবে এই টিজারটি আপাতত শুধু বড়পর্দায়, অর্থাৎ সিনেমা হলে দেখা যাচ্ছে। শুক্রবার এটি ডিজিটাল প্ল্যাটফর্মেও মুক্তি পাবে।
এর আগে প্রকাশ্যে আসা প্রি-টিজারে শোনা গিয়েছিল, “ইংরেজরা ভেবেছিল বাঙালিরা মরে গেছে। আগুন নিভে গিয়েছে, প্রতিবাদ হয়ে গিয়েছে ইতিহাস। কিন্তু ওরা জানে না, আগুন নিভে গেলেও ছাই নেভে না। ইতিহাস লেখে শিকারী, বাঘ লেখে না। যদি লিখতো তাহলে ইতিহাসটা কেমন হতো বল দেখি?”
টিজারে বাঙালিদের উপর ইংরেজদের অত্যাচারের কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। এরপরই মা কালীর সামনে তীর-ধনুক হাতে রঘু ডাকাতকে দেখা যায়, যিনি ইংরেজদের অন্যায়ের প্রতিবাদ নেওয়ার জন্য প্রস্তুত। রঘু ডাকাত চরিত্রে দেবের এই লুক ইতিমধ্যেই দর্শকদের মুগ্ধ করেছে।
উল্লেখ্য, ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এসভিএফ এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স যৌথভাবে এই ছবির প্রযোজনা করছে। দেব ছাড়াও এই ছবিতে অনির্বাণ ভট্টাচার্য, ইধিকা পাল এবং রূপা গঙ্গোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।