পার্থ চট্টোপাধ্যায়ের জামিন শুনানি ফের পিছিয়ে গেল, পরবর্তী তারিখ ১ সেপ্টেম্বর

নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি কলকাতা হাইকোর্টে আবারও পিছিয়ে গেল। বুধবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের অনুরোধে তা পিছিয়ে দেওয়া হয়েছে।

শুনানি শুরু হতেই সিবিআইয়ের পক্ষ থেকে আদালতের কাছে অতিরিক্ত সময় চেয়ে আবেদন জানানো হয়। তারা জানায়, এই মামলার গুরুত্বপূর্ণ শুনানিতে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলের উপস্থিতি প্রয়োজন, কিন্তু তিনি এদিন উপস্থিত থাকতে পারছেন না। তাই প্রস্তুতির জন্য কিছুটা সময় দেওয়া হোক। বিচারপতি সিবিআইয়ের এই অনুরোধ মেনে নিয়ে আগামী ১ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রথম সামনে আসে ২০২২ সালের জুলাই মাসে। প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে ইডি তাঁর ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায়। অর্পিতার ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকার বেশি নগদ টাকা ও বিপুল পরিমাণ সোনা-গয়না উদ্ধার হওয়ার পর পার্থ ও অর্পিতাকে গ্রেফতার করা হয়। শুধু প্রাথমিক শিক্ষক নিয়োগ নয়, পরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতেও তার নাম জড়িয়ে যায়।

ইডি-র পাশাপাশি সিবিআইও এই মামলার তদন্ত শুরু করে এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও ঘুষের চক্রে পার্থের সরাসরি ভূমিকার অভিযোগ আনে। গ্রেফতারের পর থেকে প্রায় তিন বছর ধরে জেলবন্দি পার্থ একাধিকবার জামিনের আবেদন করেছেন। গত বছর সুপ্রিম কোর্ট ইডি-র মামলায় তাকে জামিন দিলেও, সিবিআইয়ের মামলায় তিনি এখনও মুক্তি পাননি।

পার্থ চট্টোপাধ্যায় বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে ফাঁসানো হয়েছে। অন্যদিকে, সিবিআই বারবার আদালতে জানিয়েছে যে, মামলার জটিলতা এবং প্রমাণের পরিমাণ বেশি হওয়ায় জামিন দিলে তদন্তে বাধা আসতে পারে। এখন সবার নজর আগামী ১ সেপ্টেম্বরের দিকে, যখন এই মামলার পরবর্তী শুনানি হবে।