বিশেষ: জন্মাষ্টমীতে কখন পুজো করবেন গোপালের? জেনেনিন দিনক্ষণ ও শুভ তিথি সম্পর্কে

হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব জন্মাষ্টমী এবার ১৬ই আগস্ট পালিত হতে চলেছে। এই দিনটি শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসেবে সারা দেশে, বিশেষত বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে, অত্যন্ত ভক্তি ও আনন্দের সঙ্গে উদযাপন করা হয়। জন্মাষ্টমীর পরদিন, অর্থাৎ ১৭ই আগস্ট অনুষ্ঠিত হবে নন্দোৎসব।
শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে হয়েছিল। বিষ্ণুর অষ্টম অবতার এবং বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান কৃষ্ণ মথুরার কংসের কারাগারে জন্মগ্রহণ করেন। এই বিশেষ তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ, ননীগোপালের পূজা করা হয়।
তিথি ও শুভ সময়: ২০২৫ সালে জন্মাষ্টমীর অষ্টমী তিথি শুরু হচ্ছে ১৫ই আগস্ট রাত ১টা ১৬ মিনিটে এবং তা শেষ হবে ১৬ই আগস্ট রাত ১০টা ৪৮ মিনিটে। এই সময়ের মধ্যেই ভক্তরা উপবাস রেখে পূজা-অর্চনা করবেন।
উদযাপনের বিভিন্ন রূপ: জন্মাষ্টমী উদযাপনের প্রধান অংশগুলোর মধ্যে রয়েছে রাসলীলা বা কৃষ্ণলীলা, যা শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে পরিবেশিত হয়। ভক্তরা মধ্যরাতে কৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গেয়ে, উপবাস পালন করে এবং বিভিন্ন ধরনের প্রসাদ তৈরি করে। মথুরা ও বৃন্দাবন-সহ দেশের বিভিন্ন স্থানে এই উৎসব মহা সমারোহে পালিত হয়। এছাড়া, ‘দহি হান্ডি’ প্রথাও এই উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রথায় অনেক উঁচুতে মাখনের হাঁড়ি ঝুলিয়ে রাখা হয়, যা মানুষের পিরামিড তৈরি করে ভাঙার চেষ্টা করা হয়।
নন্দোৎসবের তাৎপর্য: জন্মাষ্টমীর পরের দিন, অর্থাৎ ১৭ই আগস্ট নন্দোৎসব পালিত হবে। এটি শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজের কৃষ্ণ-জন্মের আনন্দ উদযাপনের প্রতীক। এই দিনে ভক্তরা নন্দ মহারাজ ও শ্রীকৃষ্ণের পূজা করে এবং নিজেদের মধ্যে আনন্দ ও ভক্তির বার্তা ছড়িয়ে দেন। নন্দোৎসব মূলত বৃন্দাবনের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। অনেক পরিবারে জন্মাষ্টমীর চেয়েও বেশি জাঁকজমকের সঙ্গে নন্দোৎসব পালন করা হয়। এই দিনে শ্রীকৃষ্ণের পছন্দের ভোগ নিবেদন করা হয়।
জন্মাষ্টমীর দিন মধ্যরাতে কৃষ্ণের ছোট মূর্তিকে স্নান করিয়ে, নতুন পোশাক পরিয়ে দোলনায় সাজানো হয়। এরপর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করা হয়। অনেক বাড়িতে দরজার বাইরে এবং রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন এঁকে আল্পনা দেওয়া হয়, যা কৃষ্ণকে বাড়িতে স্বাগত জানানোর প্রতীক।