ভিনরাজ্যে ফের বাঙালি হেনস্তার অভিযোগ, চেন্নাইয়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

ভিনরাজ্যে বাঙালি হেনস্তা নিয়ে রাজ্য-রাজনীতি যখন সরগরম, ঠিক তখনই চেন্নাইয়ে এক মুর্শিদাবাদের যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে চেন্নাই থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করলেও, মৃতের পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে।

মৃত যুবকের নাম মহাদেব মণ্ডল (৩০), বাড়ি মুর্শিদাবাদের সালার থানার মালিহাটি গ্রামে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রায় পাঁচ বছর আগে মহাদেব চেন্নাইয়ে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। সেখানে একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন তিনি।

পরিবারের দাবি, মহাদেবকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাদের অভিযোগের মূল কারণ, ঝুলন্ত অবস্থায় মহাদেবের পা নাকি মাটিতে ঠেকেছিল। মহাদেবের এক আত্মীয় বলেন, “কেউ যদি আত্মহত্যা করে, তবে তার পা মাটিতে ঠেকে থাকবে কেন? তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।” পরিবারের সদস্যরা আরও জানান, মহাদেবের সঙ্গে চেন্নাইয়ে আরও অনেকে কাজ করতেন এবং তাদের সঙ্গে মহাদেবের কিছু সমস্যা চলছিল। তবে কী ধরনের সমস্যা, সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানাতে পারেননি।

বুধবার রাতে মহাদেবের মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই তাঁর পরিবার কান্নায় ভেঙে পড়ে। পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মহাদেবের এক স্বজন অভিযোগ করে বলেন, “ভিনরাজ্যে বাঙালি বলে বারবার আমাদের ছেলেদের হেনস্তা করা হয়। এবার তো আমাদের ভাইকে খুনই করে দেওয়া হলো।”

এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবার চেন্নাইয়ের পুলিশের কাছে সঠিক তদন্তের দাবি জানিয়েছে। তারা চান, দ্রুত যেন এই রহস্যের সমাধান হয় এবং দোষীরা শাস্তি পায়। ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।