প্রয়াত বাসন্তী চট্টোপাধ্যায়, শোকস্তব্ধ গোটা টলিউড, কীভাবে মারা গেলেন বর্ষীয়ান অভিনেত্রীর?

প্রয়াত হলেন টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার রাতে উত্তর কলকাতার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
গত ১০ মাস ধরে অভিনেত্রী মারণরোগ ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। পাশাপাশি তাঁর কিডনিও বিকল হয়েছিল। যদিও সেই সময় সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছিলেন এবং স্টার জলসার ‘গীতা এল এল বি’ ধারাবাহিকের শুটিংও করছিলেন। কিন্তু মঙ্গলবার রাতে হঠাৎ করেই সব শেষ হয়ে গেল।
অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন বাসন্তী চট্টোপাধ্যায়। প্রতি মাসে তাঁর ওষুধের জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ হতো এবং নিয়মিত ইনজেকশন নিতে হতো। এত শারীরিক কষ্ট সত্ত্বেও কাজের প্রতি তাঁর নিষ্ঠা ছিল অপরিসীম। নিয়মিত শুটিং ফ্লোরে যেতেন তিনি। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় একাধিকবার সোশ্যাল মিডিয়ায় তাঁর অসুস্থতার কথা জানিয়েছিলেন এবং সেই সময় ইন্ডাস্ট্রির কাছের মানুষরা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। অভিনেত্রীর মৃত্যুর খবর পেয়ে ভাস্বর চট্টোপাধ্যায় গভীরভাবে শোকাহত।
টেলিভিশন ধারাবাহিক ছাড়াও বাংলা সিনেমার কালজয়ী ছবি যেমন ‘ঠগিনী’ এবং ‘আমি সে ও সখা’-তে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছিল। একজন অসাধারণ শিল্পীকে হারিয়ে গোটা টলিউড ইন্ডাস্ট্রি আজ শোকস্তব্ধ। তাঁর মৃত্যুতে বাংলা অভিনয় জগতে এক শূন্যতার সৃষ্টি হলো।