নবান্ন অভিযানে পুলিশকে হেনস্তার প্রতিবাদে পথে নামলেন পুলিশকর্মীদের পরিবার

তিলোত্তমা, চাকরিহারা, সরকারি কর্মীদের ডিএ আন্দোলন—এসবের পাশাপাশি কলকাতা এবার দেখল এক নতুন ধরনের প্রতিবাদ। মঙ্গলবার পুলিশকর্মীদের পরিবারের সদস্যরা পথে নেমেছিলেন, নবান্ন অভিযানের সময় তাদের স্বজনদের ওপর নিগ্রহের প্রতিবাদে। তাদের মূল প্রশ্ন ছিল, কেন পুলিশকে এভাবে অপমান করা হবে?

সম্প্রতি নবান্ন অভিযান চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশকে কটু ভাষায় গালিগালাজ করেছেন বলে অভিযোগ ওঠে। পাশাপাশি পুলিশের ওপর হামলার অভিযোগও করা হয়। এর প্রতিবাদে পুলিশকর্মীদের স্ত্রী, ভাই, বোন এবং অন্যান্য সদস্যরা একজোট হয়ে পথে নামেন।

একজন মহিলা বলেন, “নবান্ন অভিযানে বিরোধী দলনেতা নগরপালকে যে ভাষায় কথা বলেছেন, তা মেনে নেওয়া যায় না। আমাদের পুলিশ ভাইদের প্রাণে মারার চেষ্টা করা হয়েছে।” তিনি আরও বলেন, “আমাদের পরিবারের সদস্যদের মানসম্মান রাখা হচ্ছে না। কেউ বলছে ‘বৌ-বিক্রি কর’, কেউ বলছে ‘মা কে বিক্রি কর’। এটা কোনোভাবেই সহ্য করা যায় না।”

সাংবাদিকরা এই প্রসঙ্গে বীরভূমের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের পুরোনো একটি মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন, যেখানে তিনিও পুলিশকে হুমকি দিয়েছিলেন। এর জবাবে পুলিশ পরিবারের একজন সদস্য বলেন, “উনি যখন এই ধরনের কথা বলেছিলেন, তখন আমরা প্রতিবাদ করেছিলাম। উনি ক্ষমাও চেয়েছেন এবং ওঁর বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত চলছে, দোষী হলে শাস্তি নিশ্চয়ই পাবেন।”

পরে সাংবাদিকরা আবার একই ধরনের প্রশ্ন করলে ওই সদস্য ক্ষুব্ধ হয়ে বলেন, “কে বিজেপি, কে তৃণমূল জানি না। আমরা প্রতিবাদ করছি।” তিনি আরও বলেন, “আমার স্বামীকে বলবে ‘মা বিক্রি করো’? আমার স্বামীকে বলবে ‘বৌ বিক্রি করো’? আপনারা এভাবে চাপ দিতে পারেন না।”