ভোটার তালিকা বিতর্ক, নির্বাচন কমিশনের তলবে মুখ্যসচিব, পাঠাবেন বিস্তারিত রিপোর্ট

ভোটার তালিকা সংক্রান্ত কাজে অনিয়মের অভিযোগ নিয়ে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের (ECI) মধ্যে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। কমিশনের গুরুতর অভিযোগের পর রাজ্য সরকার পাঁচ জন আধিকারিক ও কর্মীকে কাজ থেকে অব্যাহতি দিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। এর পরিপ্রেক্ষিতে, নির্বাচন কমিশন সোমবার রাতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে তলব করেছে।

কমিশনের নির্দেশ অনুযায়ী, মুখ্যসচিবকে আগামী বুধবার বিকেল ৫টায় দেখা করার জন্য বলা হয়েছে। তবে সরকারি সূত্রে খবর, মুখ্যসচিব নিজে সশরীরে কমিশনের দপ্তরে উপস্থিত হবেন না। এর পরিবর্তে, তিনি একটি বিস্তারিত রিপোর্ট আকারে চিঠি পাঠিয়ে রাজ্যের গৃহীত পদক্ষেপ এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে কমিশনকে অবহিত করবেন।

মুখ্যসচিব মনোজ পন্থ ইতিমধ্যেই পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন। এই কমিটির নেতৃত্বে থাকবেন স্বরাষ্ট্র দফতরের একজন সিনিয়র আধিকারিক, এবং সঙ্গে থাকবেন দুইজন অভিজ্ঞ প্রশাসনিক আধিকারিক। কমিটিকে যত দ্রুত সম্ভব প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযুক্ত পাঁচজনের মধ্যে রয়েছেন দুই ইআরও (Electoral Registration Officer), দুই এআইআরও (Assistant Electoral Registration Officer) এবং একজন ডাটা এন্ট্রি অপারেটর। তদন্ত কমিটি তাদের তলব করে নথিপত্র এবং লিখিত জবাব চাইবে।

রাজ্যের পক্ষ থেকে মুখ্যসচিব ইতিমধ্যেই কমিশনকে জানিয়েছেন যে, অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তদন্ত শুরু হয়েছে এবং পূর্ণাঙ্গ রিপোর্ট সময়মতো কমিশনের হাতে তুলে দেওয়া হবে। সরকারের মতে, প্রমাণ যাচাই না করে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।

ভোটার তালিকার এই বিতর্ক নতুন নয়। এর আগেও বিভিন্ন জেলায় অনিয়মের অভিযোগ উঠেছিল। বিরোধী দলগুলো এই ঘটনায় কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে। তবে রাজ্যের দাবি, কমিশনের নির্দেশ মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। রাজনৈতিক মহলের ধারণা, যদি কমিশনের কাছে রাজ্যের ব্যাখ্যা সন্তোষজনক না হয়, তাহলে কমিশন আরও কড়া পদক্ষেপ নিতে পারে।