‘আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়’, নির্বাচন কমিশনের অবস্থানে সায় দিয়ে জানাল সুপ্রিম কোর্ট

ভোটার তালিকায় বিশেষ সংশোধনী (SIR) নিয়ে চলা বিতর্কের মধ্যে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের অবস্থানকে মান্যতা দিয়ে জানিয়েছে যে, ‘আধার কার্ড নাগরিকত্বের প্রমাণে যথেষ্ট নয়’। একই সঙ্গে আদালত বিহারে SIR প্রক্রিয়া বন্ধ করার কোনো নির্দেশ দেয়নি, বরং জানিয়েছে, যদি প্রমাণ মেলে যে বিপুল সংখ্যক প্রকৃত ভোটারের নাম বাদ যাচ্ছে, তবেই তারা হস্তক্ষেপ করবে।
আজ সুপ্রিম কোর্টে কপিল সিব্বল এই বিষয়টি উত্থাপন করে বলেন যে, বিহারে SIR প্রক্রিয়ায় আধার কার্ড এবং রেশন কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথিগুলোকে গ্রাহ্য করা হচ্ছে না, যার কারণে অনেক ভোটার নাম তুলতে পারছেন না। এর জবাবে বিচারপতিরা বলেন যে, আধার অ্যাক্ট অনুযায়ীই আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। শুধুমাত্র আধারের ভিত্তিতে ভোটার কার্ড তৈরি করা যায় না।
আদালত আরও জানায় যে, নির্বাচন কমিশন ভোটার তালিকায় নাম তোলার জন্য ১১টি নথি নির্দিষ্ট করেছে। শুধুমাত্র আধারের উপর নির্ভর না করে অন্য নথিগুলোও ব্যবহার করা যেতে পারে। নির্বাচন কমিশন আদালতকে জানিয়েছে যে, ভুয়ো আধার কার্ড ব্যবহারের সম্ভাবনা থাকায় তারা কেবল আধারের ভিত্তিতে ভোটার তালিকায় নাম তুলবে না। সুপ্রিম কোর্ট এই অবস্থানকে সমর্থন করে।
আদালত জানিয়েছে, বিহারে SIR প্রক্রিয়া চলবে। তবে তারা সতর্ক করে বলেছে যে, যদি এমন কোনো প্রমাণ সামনে আসে যে বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম বেআইনিভাবে বাদ যাচ্ছে, তাহলে তারা SIR প্রক্রিয়া বন্ধ করে দিতে পারে। কপিল সিব্বল নির্বাচন কমিশনের কাছে বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের নাম চেয়েছেন, কিন্তু আদালত এখনই কোনো পদক্ষেপ নেয়নি।
এই রায়ের ফলে ভোটার তালিকায় SIR প্রক্রিয়া নিয়ে চলা রাজনৈতিক বিতর্ক আরও এক ধাপ এগিয়ে গেল।