স্পার্ম কাউন্ট কম স্বামীর, শ্বশুর ও ভাসুরকে দিয়ে স্ত্রীকে গর্ভধারণ করানোর অভিযোগ! শিউরে ওঠার মতো ঘটনা

গুজরাতের ভাদোদরায় এক শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে। স্বামী নিজের স্পার্ম কাউন্ট কম থাকায় শ্বশুর এবং ভাসুরকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ৪০ বছর বয়সী এক মহিলা নাভাপুরা থানায় এই মর্মে একটি এফআইআর দায়ের করেছেন। তার অভিযোগ, গর্ভধারণের জন্য তার শ্বশুরবাড়ির লোকেরা এমন ভয়াবহ সিদ্ধান্ত নেয়।

‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, নির্যাতিতা তার স্বামীর বিরুদ্ধে ব্ল্যাকমেলের অভিযোগও এনেছেন। তার স্বামী তাকে হুমকি দিয়েছিলেন যে, যদি সে এই ঘটনা ফাঁস করে, তাহলে তার ব্যক্তিগত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।

জানা গেছে, নির্যাতিতা ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ওই ব্যক্তিকে বিয়ে করেন। তার অভিযোগ অনুযায়ী, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা তাকে গর্ভধারণের জন্য চাপ দিতে শুরু করেন। পরে মেডিকেল পরীক্ষায় দেখা যায় যে তার স্বামীর স্পার্ম কাউন্ট অত্যন্ত কম, যার ফলে তিনি স্ত্রীকে গর্ভধারণ করাতে অক্ষম। আইভিএফ পদ্ধতিও ব্যর্থ হওয়ায় মহিলা একটি শিশু দত্তক নেওয়ার প্রস্তাব দেন, কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা তা প্রত্যাখ্যান করেন।

ঘটনাটির ভয়াবহতা শুরু হয় জুলাই ২০২৪-এ, যখন তিনি ঘুমাচ্ছিলেন। তার শ্বশুর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। মহিলা চিৎকার করলে তাকে মারধর করা হয়। স্বামীও তাকে চুপ থাকার জন্য চাপ দেন এবং গর্ভধারণের জন্য পরিবারের ইচ্ছাপূরণে সাহায্য করতে বলেন। একইসঙ্গে নগ্ন ছবি প্রকাশের হুমকিও দেন। অভিযোগপত্রে নির্যাতিতা উল্লেখ করেছেন, শ্বশুর তাকে একাধিকবার ধর্ষণ করলেও তিনি গর্ভবতী হননি।

গত বছর ডিসেম্বরে নির্যাতন আরও বাড়ে, যখন তার ভাসুরও ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। অবশেষে জুন ২০২৫-এ তিনি গর্ভবতী হন, কিন্তু আগস্ট মাসে তার গর্ভপাত হয়। এরপরই তিনি সাহস করে জুলাই মাসে পুলিশে অভিযোগ করেন। পুলিশ রবিবার একটি এফআইআর দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।