বাইকের আওয়াজ নিয়ে বচসা, উলুবেড়িয়ায় খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

বাইকের আওয়াজকে কেন্দ্র করে হওয়া বচসার জেরে যুবক খুনের মামলায় মাত্র সাত মাসের মধ্যেই যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল উলুবেড়িয়া মহকুমা আদালত। গত বছর ১২ এপ্রিল চেঙ্গাইল কলাবাগান এলাকায় বাইকের শব্দ নিয়ে দুই দলের মধ্যে তীব্র বচসা শুরু হয়, যা শেষ পর্যন্ত বাপন মান্না নামে এক যুবককে কুপিয়ে খুনের মধ্য দিয়ে শেষ হয়।
এই মামলায় অভিযুক্ত আকাশ জানাকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে সোমবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। একইসঙ্গে, আদালত নিহত বাপন মান্নার পরিবারকে ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। এই ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে অতিরিক্ত ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে অভিযুক্তকে।
মামলার সরকারি আইনজীবী দেবরঞ্জন ভট্টাচার্য জানান, “আকাশ জানার বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালত আজ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।” তিনি আরও বলেন, এই মামলার বিচার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে। গত ডিসেম্বর মাসে চার্জ গঠন করা হয়েছিল এবং মাত্র সাত-আট মাসের মধ্যেই সাজা ঘোষণা করা হলো।
সরকারি আইনজীবী দেবরঞ্জন ভট্টাচার্য বলেন, “২০২৪ সালের ১২ এপ্রিল, ইদের আগের দিন এই ঘটনা ঘটেছিল। বাপন মান্নাকে খুন করে আকাশ জানা। এই মামলায় আরও একজনের বিরুদ্ধে অভিযোগ ছিল, কিন্তু আদালত তাকে দোষী সাব্যস্ত করেনি।” তিনি জানান, এই মামলায় মোট ২৭-২৮ জন সাক্ষী ছিলেন এবং তাদের সাক্ষ্যের ভিত্তিতেই আদালত এই রায় দিয়েছে। দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা হওয়ায় নিহত পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।