বসিরহাটে ছেলে ধরা সন্দেহে মহিলাকে আটকে রাখল জনতা, পুলিশের ওপর ক্ষোভ

ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে আটকে রেখে বিক্ষুব্ধ জনতা বসিরহাটের দণ্ডীরহাট স্টেশনপাড়া এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করতে গেলে ক্ষুব্ধ জনতা পুলিশের ওপর চড়াও হয় এবং পুলিশের গাড়ির পিছু ধাওয়া করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মহিলা এলাকার একটি বাড়ির গেট খুলে ভেতরে ঢুকে যান, যেখানে একটি ছোট শিশু ছিল। সামনের বাড়ির এক মহিলা তাকে দেখতে পেয়ে চিৎকার করলে বাড়ির সদস্যরা এসে তাকে ধরে ফেলেন। এলাকাবাসীর অভিযোগ, ওই মহিলা বাচ্চা চুরি করতে এসেছিলেন অথবা তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল।

গ্রামবাসীরা জানান, ওই মহিলাকে এর আগেও এলাকায় দেখা গিয়েছিল। এর আগে আরেক বাড়িতে তিনি দরজা খুলে ঢুকে পড়েছিলেন, কিন্তু সে সময় কেউ তাকে ধরতে পারেনি। আজ একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় এলাকাবাসী তাকে ধরে ফেলে এবং আটকে রাখে।

বসিরহাট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার জন্য গাড়িয়ে তোলে। কিন্তু উত্তেজিত জনতা পুলিশের গাড়ির পিছু ধাওয়া করে। পুলিশ কোনোমতে মহিলাকে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়।

পুলিশ আপাতত ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তার পরিচয় এবং এলাকায় তার আসার উদ্দেশ্য কী ছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় এক ধরনের আতঙ্ক ছড়িয়েছে, এবং স্থানীয়রা পুলিশের কাছে এলাকার নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।