“বাংলায় অত্যাচারের আজগুবি কাহিনী প্রচার করছে তৃণমূল”- প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের বিস্ফোরক মন্তব্য

পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক বিস্ফোরক পোস্ট করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, দুর্নীতি, বেকারত্ব এবং মুসলিম তোষণের অভিযোগে কোণঠাসা হয়ে তৃণমূল এখন ‘বাঙালির উপর অত্যাচারের আজগুবি কাহিনী’ প্রচার করছে। কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না, কারণ রাজ্যের হিন্দুরা সহজেই তাদের আত্মীয়-বন্ধুদের খোঁজ নিয়ে জেনে নিচ্ছেন যে তাঁরা ভালো আছেন।
তথাগত রায় তাঁর পোস্টে লিখেছেন, “দেওয়ালে পিঠ ঠেকে গেছে। দুর্নীতি, বেকারী আর মুসলমান তোষণের অভিযোগে জর্জরিত মমতা। এখন একমাত্র উপায় বাঙালির উপর অত্যাচারের আজগুবি কাহিনী।” তিনি আরও বলেন, এই ধরনের প্রচারে কাজ হচ্ছে না, কারণ পশ্চিমবঙ্গের মানুষ একটি ফোনের মাধ্যমেই খবর নিয়ে নিচ্ছেন।
প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় মুসলিমদের প্রসঙ্গে মন্তব্য করে বলেন, “ভারতীয় বাঙালি মুসলমানদের একটু-আধটু এরকম হবেই। কারণ বাংলাদেশি মুসলমান ঘুসপেটদের সঙ্গে তাদের সামান্যই তফাৎ।” তিনি আরও দাবি করেন যে, মুসলিমদের উপর অত্যাচারের গল্প শুনিয়ে লাভ নেই, কারণ তাদের ভোট এমনিতেই মমতা পাবেন। বরং এই ধরনের প্রচারে তারা ক্ষুব্ধ হতে পারে যে মুখ্যমন্ত্রী কিছু করতে পারছেন না। তিনি নিজেই তাঁদের অনুপ্রবেশকারীদের ধরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন বলেও জানান।
তথাগত রায় বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে বলেন, তাঁরা নিজেদের ‘বাঙালি’র বদলে ‘বাংলাদেশি’ পরিচয় দিতেন। তিনি বর্তমান ভারতীয় কিছু মানুষের ‘বাঙালি সত্তা’ নিয়ে অত্যধিক মাতামাতির সমালোচনা করেছেন। তাঁর মতে, এই মানুষরা বাংলাদেশের নেতাদের থেকেও বেশি ‘বাঙালি সত্তা’ সম্পর্কে জ্ঞান দেখানোর চেষ্টা করছেন। তথাগত রায়ের এই মন্তব্যগুলি রাজনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।