ফরওয়ার্ড ব্লকের প্রবীণ নেতা কৃপাসিন্ধু সাহা আর নেই, রাজনৈতিক জীবনে অনন্য দৃষ্টান্ত

পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি অধ্যক্ষ কৃপাসিন্ধু সাহা ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন। সোমবার হুগলির চুঁচুড়ায় তাঁর ‘কুঁড়েঘর’ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজ্যের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

কৃপাসিন্ধু সাহা একসময় হুগলির ধনিয়াখালি বিধানসভা কেন্দ্র থেকে টানা আটবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, যা একটি বিরল রাজনৈতিক দৃষ্টান্ত। তিনি শেষবার ২০০১ সালে বিধায়ক নির্বাচিত হন এবং ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে ফরওয়ার্ড ব্লকের রাজনীতিতে যুক্ত হন এবং হুগলি জেলা ফরওয়ার্ড ব্লকের ডেপুটি চেয়ারম্যান পদেও ছিলেন।

তাঁর প্রয়াণের পর তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়, সিপিআইএম-এর রাজ্য কমিটির সদস্য মনোদীপ ঘোষ, ফরওয়ার্ড ব্লকের জেলা চেয়ারম্যান সুনীল সাহাসহ বিভিন্ন দলের নেতারা তাঁর বাসভবনে উপস্থিত হন। রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকলের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল।

জেলা ফরওয়ার্ড ব্লকের চেয়ারম্যান সুনীল সাহা বলেন, “তিনি একসময় প্রচণ্ড দাপুটে নেতা ছিলেন। ১৯৬৭ সালে প্রথমবার বিধায়ক হন এবং ধনিয়াখালি থেকে একটানা বিধায়ক নির্বাচিত হয়েছেন। বামফ্রন্ট সরকারের সময়ে তিনি সর্বশেষ ডেপুটি স্পিকার ছিলেন। দলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে তিনি পার্টির পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ধনিয়াখালিতে পার্টিকে সমৃদ্ধ করতে তাঁর অবদান অস্বীকার করার মতো নয়।”

কৃপাসিন্ধু সাহার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং সমাজের প্রতি তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। তাঁর মৃত্যুতে একটি যুগের অবসান হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।