বারুইপুরে বিজেপি বুথ সভাপতি খুন “কাঠগড়ায় বাবা-ভাই”- তৃণমূলের দিকে অভিযোগের আঙুল

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে রাজনৈতিক হিংসার শিকার হলেন এক বিজেপি নেতা। বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে (২২) নৃশংসভাবে খুন করা হয়েছে। এই ঘটনায় বিজেপি সরাসরি তাঁর বাবা ও ভাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, গত ৮ অগাস্ট রাতে রাজীবকে তাঁর বাড়িতেই বেধড়ক মারধর করা হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, রাজীবের বাবা নিতাই বিশ্বাস ও ভাই সন্দীপ বিশ্বাস তৃণমূল কর্মী। বিজেপি করার ‘অপরাধে’ বাবা ও ভাই ধারালো অস্ত্র দিয়ে রাজীবকে কুপিয়ে খুন করেছে। তাঁর শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষতের চিহ্ন ছিল। অভিযোগ, আঘাত গুরুতর হলেও তাকে রাতভর বাড়িতেই ফেলে রাখা হয় এবং উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি।
বারুইপুর পশ্চিম ১ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি গৌতম চক্রবর্তী জানান, ৯ অগাস্ট রাজীবকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। গৌতম চক্রবর্তীর অভিযোগ, এই নির্মম ঘটনার সঙ্গে শাসকদলের নেতা-কর্মীরা জড়িত। তিনি অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
অন্যদিকে, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্চনা মল্লিক এই ঘটনায় তৃণমূলের কোনো যোগ থাকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, “এটা সম্পূর্ণ ওদের পারিবারিক বিষয়। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, তারাই যথাযথ ব্যবস্থা নেবে।” তিনি আরও জানান যে, নিহত পরিবারের সঙ্গে পাড়ার প্রায় কারও সম্পর্ক ভালো ছিল না।
বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং সমস্ত দিক খতিয়ে দেখছে। তবে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা এবং রাজনৈতিক চাপানউতোর চলছে।