দিল্লির বুকে সাংসদদের জন্য অত্যাধুনিক আবাসন কমপ্লেক্স, উদ্বোধন করলেন মোদী

দেশের সাংসদদের জন্য আবাসন সংকট নিরসনে এক নতুন পদক্ষেপ হিসেবে দিল্লিতে ১৮৪টি অত্যাধুনিক ফ্ল্যাট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দিল্লির বাবা খড়ক সিং মার্গে অবস্থিত এই নতুন আবাসন কমপ্লেক্সটি সবুজ প্রযুক্তি এবং ভূমিকম্প প্রতিরোধী প্রযুক্তিতে নির্মিত হয়েছে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী সেখানে একটি সিঁদুর গাছও রোপণ করেন।

এই নতুন বাসভবনগুলো ‘টাইপ-VII’ ফ্ল্যাট নামে পরিচিত এবং এগুলো সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। ন্যাশনাল বিল্ডিং কোড ২০১৬-র মানদণ্ড অনুযায়ী নির্মিত এই ভবনগুলো ২৫ তলা পর্যন্ত উঁচু এবং এর নির্মাণে মোট ৫৫০ কোটি টাকা ব্যয় হয়েছে। প্রতিটি ফ্ল্যাট প্রায় ৫,০০০ বর্গফুট জায়গাজুড়ে তৈরি করা হয়েছে এবং এতে সাংসদদের জন্য থাকার ও অফিস করার আলাদা ব্যবস্থা রয়েছে।

এই ফ্ল্যাটগুলোতে রয়েছে পাঁচ থেকে ছয়টি বেডরুম, যার প্রত্যেকটির সঙ্গে অ্যাটাচড টয়লেট আছে। এছাড়াও, সুসজ্জিত মডুলার কিচেন, সাপোর্ট স্টাফ এবং ব্যক্তিগত সহকারীদের জন্য আলাদা থাকার ব্যবস্থা এবং কমিউনিটি সেন্টারের মতো আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। সাংসদদের নিরাপত্তার জন্য ফ্ল্যাটগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে।

কমপ্লেক্সটি সংসদ ভবনের কাছে অবস্থিত হওয়ায় সাংসদদের যাতায়াতে অনেক সুবিধা হবে। সীমিত জমির কারণে বহুতল ভবন নির্মাণ করে এই সংকট সমাধান করা হয়েছে। নির্মাণকারী সংস্থার দাবি, এই ফ্ল্যাটগুলো ১০০ বছর পর্যন্ত কোনো বড় ধরনের মেরামত ছাড়াই টিকে থাকতে সক্ষম।

এই ফ্ল্যাটগুলোর নির্মাণে পরিবেশ সুরক্ষার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। এতে গ্রিন টেকনোলজি, পুনর্ব্যবহারযোগ্য শক্তি এবং আধুনিক বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। এছাড়াও, কমপ্লেক্সের নিচে দোতলা বেসমেন্টে ৫০০টি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। ভিতরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা, একটি কমিউনিটি হল এবং খাবার সরবরাহের জন্য চারটি রিটেল আউটলেটও রয়েছে।

ল্যুটেন্স দিল্লির মতো অভিজাত ও সুরক্ষিত এলাকায় এই ফ্ল্যাটগুলো নির্মিত হওয়ায় সাংসদদের আবাসন নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যার অবসান হবে বলে আশা করা হচ্ছে।