“বাম-কংগ্রেস শূন্য, বিজেপি ৩০ পেরবে কিনা সন্দেহ!” ২৬-এর ভোটের ফলাফল নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী কুণালের

আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচনের দামামা বাজতে চলেছে। এই আবহে ২০২৬ সালের ভোটের ফলাফল নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর মতে, বাম এবং কংগ্রেসের আসন সংখ্যা শূন্যই থাকবে এবং বিজেপির আসন তিরিশের নিচে নেমে আসবে।
রবিবার হুগলির চুঁচুড়ায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কুণাল ঘোষ এই মন্তব্য করেন। তিনি বলেন, “২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিএম শূন্য, কংগ্রেস শূন্যই থাকবে। বিজেপি তিরিশও পেরবে না। আর তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসবে। চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।”
কুণাল ঘোষের এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক জনসভায় বলেছিলেন যে, বিজেপিকে এবার ৫০-এর মধ্যে বেঁধে ফেলা হবে। এবার কুণাল ঘোষ সেই টার্গেটকে আরও কমিয়ে দিলেন।
কুণাল ঘোষ তাঁর বক্তব্যে আরও বলেন, “আগস্টে বিপ্লবীরা ডাক দিয়েছিল – ‘ব্রিটিশ তুমি ভারত ছাড়ো।’ তৃণমূল কংগ্রেস ডাক দিচ্ছে – বিজেপি তুমি বাংলা ছাড়ো/ বিজেপি তুমি ভারত ছাড়ো। কারণ, নরেন্দ্র মোদী, তোমার দল বাংলা ভাষাকে অপমান করেছে।”
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ৭৭টি আসন পেয়েছিল, যা পরে কমে যায়। আসন্ন ২০২৬ সালের নির্বাচনে বিজেপি তাদের আসন সংখ্যা ১০০-তে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে। কিন্তু কুণাল ঘোষের এই ভবিষ্যদ্বাণী যদি সত্যি হয়, তবে বিজেপির সেই লক্ষ্য পূরণ হওয়া কঠিন হবে। এখন দেখার বিষয়, কুণাল ঘোষের এই রাজনৈতিক ধারণা কতটুকু সত্যি হয়। সময়ই এর চূড়ান্ত উত্তর দেবে।