আসানসোল শহরে ফিরছে ‘আসান’ গাছ, স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ

যে গাছের নাম থেকে আসানসোল শহরের নামকরণ, সেই ‘আসান’ গাছ একসময় শহর থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। তবে সেই ইতিহাসকে ফিরিয়ে আনতে এবার উদ্যোগী হয়েছে স্থানীয় বিবি কলেজ এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বিবি কলেজের তৈরি করা ‘আসান’ গাছের চারা এখন শহরের বিভিন্ন জায়গায় রোপণ করা হচ্ছে।

সম্প্রতি আসানসোলের মহিশীলা অঞ্চলের আসর মাঠে ‘গ্রিন হেভেন’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা বিবি কলেজের দেওয়া কয়েকটি ‘আসান’ গাছের চারা রোপণ করেছে। এই সময় কলেজের অধ্যক্ষ অমিতাভ বসুও উপস্থিত ছিলেন। গ্রিন হেভেনের সদস্যরা ছাড়াও আরও কিছু গাছের চারা ওই মাঠে লাগানো হয়েছে।

গ্রিন হেভেন-এর সভাপতি রানা রায় জানান, “আমরা ইটিভি ভারতের খবরে প্রথম জানতে পারি যে বিবি কলেজ ‘আসান’ গাছের চারা তৈরি করছে। যে গাছের নামে আমাদের শহরের নাম, সেই গাছকে শহরে ফিরিয়ে আনার চেয়ে ভালো আর কী হতে পারে! আমরা কলেজে আবেদন জানাই এবং তারা আমাদের কিছু চারা দেন। আমরা এই গাছগুলোকে বড় করে তুলব, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আসানসোলের নামের পেছনের ইতিহাস জানতে পারে।”

বিবি কলেজের অধ্যক্ষ অমিতাভ বসু বলেন, “আমাদের ‘আসান’ গাছের চারা তৈরি করার খবর প্রকাশিত হওয়ার পর প্রচুর মানুষ ও সংগঠন চারা নিতে আসে। আমরা তাঁদেরকেই চারা দিচ্ছি, যাঁরা গাছের সঠিক পরিচর্যা করেন। গ্রিন হেভেন অনেক বছর ধরে গাছ নিয়ে কাজ করছে, তাই আমরা নিশ্চিত যে তারা গাছগুলোকে বাঁচিয়ে রাখবে।” তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে শহরে ‘আসান’ গাছের সংখ্যা বাড়বে এবং শহরের পরিচয় ফিরিয়ে আনবে।