বন্দে ভারতের পর এবার বাংলার প্রথম AC লোকাল, চালকের আসনে মহিলা পাইলট

ভারতের রেল ইতিহাসে আরও একটি নতুন অধ্যায় যুক্ত হল। বন্দে ভারত এক্সপ্রেসের পর এবার বাংলার প্রথম এসি লোকাল ট্রেনের চালকের আসনে বসলেন এক মহিলা লোকো পাইলট, যার নাম মাম্পা ধারা। রবিবার শিয়ালদহ থেকে পূর্ব ভারতের প্রথম এই এসি লোকালের যাত্রার সূচনা হলো।
২০২৩ সালে সোলাপুর এবং ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের মধ্যে যখন বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হয়, তখন তার প্রথম মহিলা চালক ছিলেন এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট সুরেখা যাদব। এবার সেই একইরকম গর্বের মুহূর্ত সৃষ্টি করলেন বাংলার মাম্পা।
বাংলার প্রথম এসি লোকালের প্রথম মহিলা চালক হতে পেরে মাম্পা উচ্ছ্বসিত। তিনি বলেন, “পূর্ব ভারতের প্রথম এসি লোকালের প্রথম লোকো পাইলট হিসাবে চালানো একশো শতাংশই গর্বের। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য রেল প্রশাসনকে অনেক ধন্যবাদ। আমি আমার ১০০ শতাংশ দিয়ে এই কাজটি করার চেষ্টা করব।”
তিনি রেল প্রশাসনের নারী ক্ষমতায়ন নীতিেরও প্রশংসা করেন। তাঁর মতে, রেল এখন মহিলাদের আরও বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তিনি এই সুযোগ পেয়ে খুব খুশি। তিনি আশা করেন, তাঁর এই সাফল্য অন্য মহিলাদেরও অনুপ্রাণিত করবে।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদার। এছাড়াও বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য, জগন্নাথ সরকারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।