‘অপারেশন সিঁদুর’কে দাবা খেলার সাথে তুলনা করলেন সেনাপ্রধান, জেনেনিন কি বললেন?

জম্মু-কাশ্মীরের পহেলগাঁও হামলার পর ভারতের ‘অপারেশন সিঁদুর’ কীভাবে পাকিস্তানকে চেকমেট করেছিল, সেই বিষয়ে এক নতুন বিশ্লেষণ তুলে ধরলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শনিবার আইআইটি মাদ্রাজ-এর একটি অনুষ্ঠানে তিনি এই সামরিক অভিযানকে দাবা খেলার সঙ্গে তুলনা করে বলেন, “অপারেশন সিঁদুরে আমরা দাবা খেলেছি। আমরা জানতাম না শত্রুর পরবর্তী চাল কী হবে এবং তার বিরুদ্ধে আমাদের কী পাল্টা চাল দিতে হবে।”
জেনারেল দ্বিবেদী বলেন, এই অনিশ্চয়তার মধ্যেও ভারত ঝুঁকি নিয়ে শত্রুকে শেষ করে পাকিস্তানকে কোণঠাসা করতে সক্ষম হয়েছে। তার মতে, এই সামরিক অভিযানের সাফল্য ভারতীয় সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং দূরদর্শিতার পরিচায়ক।
সেনাপ্রধান এই অভিযানের পেছনের রাজনৈতিক সদিচ্ছারও প্রশংসা করেন। তিনি বলেন, পহেলগাঁও হামলার পর ২৩ এপ্রিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিন বাহিনীর প্রধানদের এক বৈঠকে ডেকেছিলেন। সেই বৈঠকে প্রথমবারের মতো প্রতিরক্ষামন্ত্রী দৃঢ়ভাবে বলেন, “যথেষ্ট হয়েছে!” এই বৈঠকে তিন বাহিনীর প্রধানরাই একটি বড় পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হন। জেনারেল দ্বিবেদী বলেন, “আমাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল যে কী করতে হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত আমরাই নেব। এমন রাজনৈতিক সমর্থন আগে কখনো দেখা যায়নি। এটি সৈন্যদের মনোবল ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছিল।”
অনুষ্ঠানে পাকিস্তান প্রসঙ্গে কটাক্ষ করে জেনারেল দ্বিবেদী বলেন, “যদি কোনো পাকিস্তানিকে জিজ্ঞেস করা হয় যে তারা এই ঘটনায় জিতেছে নাকি হেরেছে, তবে তারা বলবে আমাদের সেনাপ্রধান ফিল্ড মার্শাল হয়েছেন, তার মানে আমরাই জিতেছি।” তার মতে, পাকিস্তান নিজেদের ভাবনাতেই বিজয়ী সেজে বসে আছে।
উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়ার জন্য ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছিল। এই অভিযানে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে জইশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তৈয়বা এবং হিজবুল মুজাহিদিনের একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়।