কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে সেনাবাহিনী, চলছে দুই পক্ষের তুমুল গুলির লড়াই

জম্মু ও কাশ্মীরের কুলগামের আখাল এলাকার পর এবার কিশতওয়ারের ডাল অঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে রবিবার সকাল থেকে জওয়ানরা ওই এলাকায় তল্লাশি শুরু করলে জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এর পর শুরু হয় দু’পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই, যা শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো চলছে। সেনাবাহিনীর পক্ষ থেকে এক্স হ্যান্ডলে এই অভিযানের খবর নিশ্চিত করা হয়েছে।

কিশতওয়ারের পাশাপাশি কুলগামের আখাল জঙ্গল এলাকায়ও সেনাবাহিনীর জঙ্গিদমন অভিযান এখনো জারি আছে। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত পাঁচজনের বেশি জঙ্গি নিহত হয়েছে। এই লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ান শহীদ এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গেছে, আখালের দুর্গম পাহাড়ি জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে থাকায় অভিযান চালানো বেশ কঠিন হচ্ছে।

উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের ওপর হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। এর কড়া জবাব দিতে ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। এরপর থেকেই উপত্যকার বিভিন্ন এলাকায় জঙ্গিদের খোঁজে লাগাতার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত জঙ্গিদেরও গত জুলাই মাসের শেষ সপ্তাহে নির্মূল করা হয়েছে। কিশতওয়ারের এই নতুন অভিযান তারই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।