মাঝ অগস্টেই বড়সড় অশনিসংকেত! ফের নিম্নচাপ বাংলায়, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি

দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও আগামী ১৩ই আগস্ট বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এর ফলে মঙ্গলবার ও বুধবার বাংলা ও ওড়িশা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।
বর্তমানে মৌসুমী অক্ষরেখা পুরোদমে সক্রিয় রয়েছে এবং তা ভাতিণ্ডা, রোহতক, দিল্লি, বরেলি, লখনউ, পাটনা, বাঁকুড়া এবং দিঘার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আজ, রবিবার, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে।
সোমবার ও মঙ্গলবারও দক্ষিণবঙ্গে একই ধরনের আবহাওয়া থাকলেও, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবার দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। নিম্নচাপ আরও শক্তিশালী হলে পরিস্থিতি গুরুতর হতে পারে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে।
এদিকে, কলকাতায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯৩ শতাংশের মধ্যে রয়েছে।