বিহারে হলেও বাংলায় SIR-এর জন্য আপাতত প্রস্তুত নয়, সিইও-কে চিঠি মুখ্যসচিবের

ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন (SIR) বা ‘ইনটেনসিভ রিভিশন’-এর জন্য পশ্চিমবঙ্গ এখন প্রস্তুত নয়। এই মর্মে রাজ্য সরকার শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-কে চিঠি দিয়ে জানিয়েছে। সূত্রের খবর, মুখ্যসচিব মনোজ পন্থ এই চিঠিতে জানিয়েছেন যে, এই ধরনের নিবিড় সমীক্ষার জন্য ন্যূনতম দু’বছর সময় প্রয়োজন হয়।

এর আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে, পশ্চিমবঙ্গ SIR-এর জন্য প্রস্তুত। কিন্তু এবার রাজ্য সরকারের এই চিঠিতে সেই অবস্থানকেই প্রকারান্তরে খারিজ করা হয়েছে। মুখ্যসচিবের পাঠানো চিঠিতে সিইও-র দফতরের প্রতি ক্ষোভ প্রকাশ করা হয়েছে বলেও জানা গেছে। কেন রাজ্যের সঙ্গে আলোচনা না করে সিইও দফতর সরাসরি কমিশনকে চিঠি পাঠাল, সেই প্রশ্নও ওই চিঠিতে তোলা হয়েছে।

রাজ্যের এই অবস্থানকে ভালোভাবে দেখছে না বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে বলেন, “সবটাই বোঝা যাচ্ছে। এই সরকার যেনতেন প্রকারেণ SIR আটকাতে মরিয়া। কারণ, ভোটার তালিকার নিবিড় পরিমার্জন হলে রোহিঙ্গারা ভোটে জেতা এই সরকার মুখ থুবড়ে পড়বে।” তিনি আরও বলেন, “কমিশন দেশের সার্বভৌমত্বকে বাঁচানোর জন্য অবশ্যই পদক্ষেপ করবে। আর SIR ছাড়াও বিজেপিও বাংলায় নির্বাচনে যেতে নারাজ।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যের এই পদক্ষেপ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এক নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিল। ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের এবং শাসকদলের সঙ্গে বিরোধী দলের টানাপোড়েন আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।