হিন্দি ছবির ভিড়েও ‘ধুমকেতু’-র পাশে দর্শক! কলেজ পড়ুয়ার ভিডিও শেয়ার করলেন দেব-শুভশ্রী

দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ছবি ‘ধুমকেতু’। ছবি মুক্তির আগে থেকেই প্রচারে জোর দিচ্ছেন অভিনেতা দেব এবং অভিনেত্রী শুভশ্রী। এরই মধ্যে এক কলেজ পড়ুয়ার ভিডিও শেয়ার করে দর্শকদের প্রতি তাদের ভালোবাসার বার্তা দিলেন দেব, শুভশ্রী ও প্রযোজক রানা সরকার।
শুভশ্রীর শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক কলেজ পড়ুয়া তার বন্ধুদের সঙ্গে রেললাইনের পথ ধরে হাঁটতে হাঁটতে একটি সিনেমা হলের সামনে দাঁড়িয়ে পড়ে। সেখানে সে চিৎকার করে হল মালিককে উদ্দেশ্য করে বলে, “১৪ তারিখ কিন্তু ধুমকেতু আনবে। আমরা সবাই কিন্তু দেখতে আসব।” উল্টো দিক থেকে হল মালিকও মজা করে জানতে চান, “কী আনব, ধুমকেতু?”
ভিডিওতে দেখা যাচ্ছে, ওই সিনেমা হলের সামনে বড় বড় করে ‘ওয়ার ২’ ছবির ব্যানার লাগানো রয়েছে। ‘ধুমকেতু’ এবং ‘ওয়ার ২’ একই দিনে মুক্তি পাওয়ার কথা। তাই হিন্দি ছবির ভিড়ে যাতে ‘ধুমকেতু’র চাহিদা কমে না যায়, সেই কারণেই মেয়েটি আগেভাগে হল মালিককে এই কথা বলে রাখছে।
এই ভিডিওটি শেয়ার করার অন্যতম কারণ হলো, এই দৃশ্যটি বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক। একদিকে যখন হিন্দি সিনেমার বাড়বাড়ন্তের কারণে বাংলা ছবির কলাকুশলীরা লড়াই করছেন, তখন সাধারণ মানুষের এইভাবে ‘ধুমকেতু’র পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়।
ভিডিওটি শেয়ার করে দেব লেখেন, “ওহহহ! ১৪ তারিখ দেখা হচ্ছে।” সঙ্গে একটি ভালোবাসার ইমোজিও দেন তিনি। সাইয়ারা ছবির ঝড়ের পর এখন গোটা বাংলা জুড়ে ‘ধুমকেতু’ ঝড়ের প্রস্তুতি চলছে। দেব এবং শুভশ্রীর জুটিকে আবার বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।