কী ভাবে কাটল প্রেমহীন এক বছর? সাক্ষাৎকারে মুখ খুললেন RG Karএর নিহত তরুণীর প্রেমিক

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় এক বছর পেরিয়ে গেলেও তার প্রেমিকের জীবন থমকে যায়নি। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কঠিনতম সময় পার করে এখন তিনি কাজে ফিরতে পেরেছেন, যা তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি নিহত তরুণীর পরিবারের পাশে আছেন এবং তাদের জন্য বিচার চান বলেও অকপটে জানিয়েছেন।

পেশায় চিকিৎসক এই যুবক জানান, গত বছর তাদের বিয়ে করার কথা ছিল, কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায়। এরপর তিনি মানসিক অবসাদে ভুগতে শুরু করেন এবং তার চিকিৎসা করানো হয়। এখনো সেই চিকিৎসা চলছে। তবে কাজে ফিরতে পেরে তিনি কিছুটা স্বস্তি পেয়েছেন। তিনি বলেন, “কাজই আমাকে অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে। জীবন চলছে। রোগী দেখছি।”

তিনি আরও জানান, নিহত তরুণীর পরিবারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। তিনি তাদের বাবা-মাকে ‘কাকু-কাকিমা’ বলেই সম্বোধন করেন। বিচারের প্রসঙ্গে তিনি বলেন, “আমি বিচার চাই। কাকু-কাকিমা যা বলছেন, সেগুলো আমারও কথা।”

ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বলেন, এখনই বিয়ে বা সংসার করার কথা তিনি ভাবছেন না। তবে পুরনো স্মৃতি মনে পড়লে এখনো নিজেকে অসহায় লাগে বলে তিনি জানান। আপাতত কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি।

অন্যদিকে, এই ঘটনার এক বছর পরেও ন্যায়বিচার না পাওয়ায় নিহত তরুণীর পরিবার বিচার চেয়ে সরব হয়েছে। তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন এবং কোর্টের দ্বারস্থ হয়েছেন। এই ঘটনায় একমাত্র দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায় বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি।