কানাডায় ভারতীয় ছাত্রী হত্যাকাণ্ড, নায়াগ্রা জলপ্রপাতে মিলল অভিযুক্তের সন্ধান!

কানাডার হ্যামিলটনে গুলিবিদ্ধ হয়ে নিহত ভারতীয় ছাত্রী হারসিমরত রন্ধাওয়ার হত্যাকাণ্ডে অবশেষে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। হ্যামিলটন পুলিশ জার্ডেইন ফস্টার (৩২) নামে ওই ব্যক্তিকে খুনের অভিযোগে অভিযুক্ত করেছে। তার বিরুদ্ধে আরও তিনটি খুনের চেষ্টার অভিযোগও আনা হয়েছে।

হ্যামিলটন পুলিশের ভারপ্রাপ্ত ডিটেকটিভ-সার্জেন্ট ড্যারিল রিড এক সংবাদ সম্মেলনে জানান, গত মঙ্গলবার অন্টারিওর নায়াগ্রা জলপ্রপাতের কাছে জার্ডেইন ফস্টারকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৭ই এপ্রিল মোহাক কলেজের ফিজিওথেরাপি কোর্সের ২১ বছর বয়সী দ্বিতীয় বর্ষের ছাত্রী হারসিমরত রন্ধাওয়া আপার জেমস স্ট্রিট এবং সাউথ বেন্ড রোডের সংযোগস্থলে একটি বাস স্টপের কাছে দাঁড়িয়ে ছিলেন। জিম থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করার সময় হঠাৎ একটি বুলেট তার শরীরে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, সেদিন ঘটনাস্থলে দাঁড়ানো চারটি গাড়িতে থাকা সাতজনের মধ্যে বিবাদ চলছিল। সেই বিবাদের জেরে গাড়িগুলো থেকে গুলি চালানো হয় এবং কমপক্ষে দুটি বন্দুক ব্যবহার করা হয়। সেই সময় একটি গুলি এসে হারসিমরতের শরীরে লাগে। ডিটেকটিভ-সার্জেন্ট রিড বলেন, “হারসিমরত একজন নিরীহ পথচারী ছিলেন এবং এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না।”

পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনায় জড়িত সকল ব্যক্তিকে চিহ্নিত করতে, খুঁজে বের করতে এবং গ্রেফতার করতে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত ফস্টার ছাড়া আর কাউকে গ্রেফতার করা হয়নি। হারসিমরতের এই মর্মান্তিক মৃত্যু কানাডার ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।