নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী, বললেন….

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার এক বছর পূর্তিতে আগামী ৯ আগস্ট ‘নবান্ন অভিযান’-এর ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি কর্মীদের ভূমিকা কী হবে, তা তিনি নিজেই স্পষ্ট করে দিয়েছেন।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারী জানান, এই নবান্ন অভিযান কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়, এটি আরজি করের নিহত চিকিৎসকের ‘অভয়া’-র পরিবারের পক্ষ থেকে ডাকা একটি অরাজনৈতিক আন্দোলন। তিনি বলেন, “এই অভিযানে আমরা ব্যক্তিগতভাবে যোগ দেব, কোনো দলীয় পতাকা থাকবে না।” তিনি আরও বলেন, বিজেপি কর্মীরা দলীয় পতাকা ছাড়া শুধুমাত্র জাতীয় পতাকা নিয়ে এই কর্মসূচিতে হাঁটবেন।

কারা এই অভিযানে অংশ নেবেন, সেই বিষয়ে শুভেন্দু অধিকারী জানান, নিহত চিকিৎসকের বাবা-মা এই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। তাঁর কথায়, “এই কর্মসূচি সফল করতে শুধু রাজনৈতিক সাথীদেরই নয়, সমস্ত শুভানুধ্যায়ী, বিগত আন্দোলনের অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের নিয়ে সম্মিলিতভাবে সংগঠিত করব।” তিনি আরও বলেন, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার দুজনেই এই ন্যায়বিচারের আন্দোলনকে নিঃশর্তভাবে সমর্থন জানিয়েছেন।

যদিও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা এই রাজনৈতিক কর্মসূচি থেকে নিজেদের দূরে রাখার কথা জানিয়েছেন। তাদের মতে, প্রথমে এই কর্মসূচির ডাক শুভেন্দু অধিকারী দিয়েছেন, তাই এটি একটি রাজনৈতিক কর্মসূচি। তবে নিহত চিকিৎসকের পরিবার এবং শুভেন্দু অধিকারী এই আন্দোলনকে অরাজনৈতিক হিসেবেই তুলে ধরছেন।

উল্লেখ্য, আগামী ৯ আগস্ট নিহত চিকিৎসকের মৃত্যুবার্ষিকী। এই দিনে ন্যায়বিচারের দাবিতে পরিবার ‘নবান্ন অভিযান’-এর পাশাপাশি ১৪ আগস্ট রাতে ‘রাত দখল’ কর্মসূচিরও ডাক দিয়েছে। এই কর্মসূচির মধ্য দিয়ে তারা সরকারের ওপর চাপ তৈরি করতে চাইছে।