দিল্লির পার্কিং লটে হুমা কুরেশির কাকাতো ভাইকে কুপিয়ে খুন, রাতে ঠিক কী হয়েছিল?

বলিউড অভিনেত্রী হুমা কুরেশির কাকাতো ভাই আসিফ কুরেশিকে দিল্লির নিজামুদ্দিন এলাকার জঙ্গপুরা ভোগল বাজারে পার্কিং লটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। মৃত আসিফের স্ত্রী অভিযোগ করেছেন যে এটি একটি পরিকল্পিত খুন এবং অভিযুক্তরা এর আগেও আসিফের ওপর হামলা করার চেষ্টা করেছিল।

আসিফের স্ত্রীর অভিযোগ
মৃত আসিফের স্ত্রী বলেন, “আমার স্বামীকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। এর আগেও অভিযুক্তদের সঙ্গে আমার স্বামীর ঝগড়া হয়েছিল। আমার স্বামী যখন তাদের ‘ভাই’ বলে সম্বোধন করে কথা বলছিলেন, তখন ওরা নোংরা ভাষায় গালিগালাজ করছিল।”

ঘটনার রাতে কী ঘটেছিল, তা জানাতে গিয়ে তিনি বলেন, “রাত প্রায় সাড়ে ৯টা-১০টা নাগাদ আমার স্বামী বাড়ি ফিরছিলেন। আমাদের বাড়ির গেটের সামনে অভিযুক্তরা স্কুটার রেখেছিল। আমার স্বামী তাদের স্কুটার সরাতে বলেন। তিনি ভালোভাবেই কথা বলছিলেন, কিন্তু অভিযুক্তদের সঙ্গে তাদের বিল্ডিংয়ের আরও কিছু লোক জড়ো হয়ে যায়। তারা প্রথমে আমার স্বামীকে গালিগালাজ করে, তারপর হঠাৎ হামলা করে বসে। আসিফ একা ছিল। রক্তক্ষরণ শুরু হলে আমি আমার দেওরকে ফোন করি। আমরা আসিফকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।”

পুলিশের বক্তব্য
আসিফের পরিবারের আরেক সদস্য জানান, পাশের বিল্ডিংয়ের একজনের স্কুটার গেটের সামনে রাখা ছিল। আসিফ যখন বাড়িতে খাবার খেতে আসে, তখন স্কুটারটি সরাতে বলেন। এর পরেই অভিযুক্তরা গালিগালাজ শুরু করে এবং আরও কয়েকজন লোক এসে তাঁকে ঘিরে ধরে। এরপর ধারালো অস্ত্র দিয়ে আসিফের বুকে আঘাত করা হয়।

দিল্লি পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে এবং ১৯ বছর বয়সী উজ্জ্বল এবং ১৮ বছর বয়সী গৌতম নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে। এখনও পর্যন্ত অভিনেত্রী হুমা কুরেশির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।