পাঞ্জাবের অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২

পাঞ্জাবের মোহালিতে একটি অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। বুধবার সকালে এই বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে এবং ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়, তবে কারিগরি ত্রুটির সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ঘটনাটি ঘটেছে মোহালির ফেজ ৯-এ অবস্থিত একটি অক্সিজেন প্ল্যান্টে। সকাল ৯টা নাগাদ হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়, যার ফলে প্ল্যান্টের একাংশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্ল্যান্টের দেওয়াল এবং ছাদ ভেঙে পড়ে এবং আশপাশের বাড়িগুলোর কাঁচও চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল, দমকলের একাধিক ইঞ্জিন, অ্যাম্বুলেন্স এবং পুলিশ প্রশাসন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মোহালির মহকুমা ম্যাজিস্ট্রেট দমনদীপ কৌর জানান, “সকাল ৯টা নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে এবং ৩ জন আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।” তিনি আরও বলেন, মূল প্ল্যান্টটিতে বিস্ফোরণের পর অন্যান্য সিলিন্ডারগুলিও ফেটে যায়, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্ল্যান্টের বাইরে বিক্ষোভ শুরু করে। স্থানীয়দের অভিযোগ, প্ল্যান্টটিতে দীর্ঘদিন ধরে নিরাপত্তা বিধি মানা হচ্ছিল না এবং তারা আগেও দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছিলেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোহালি পুলিশ জানিয়েছে, এই বিস্ফোরণের পেছনে কারখানা কর্তৃপক্ষের অবহেলা ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনার সঠিক কারণ নির্ণয়ের জন্য তদন্ত চলছে।