ডোনাল্ড ট্রাম্পকে ফোন করবেন না, মোদী-জিনপিংকে ফোন করবেন লুলা

ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক খারাপ হওয়ার পর ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা সাফ জানিয়ে দিলেন যে, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করবেন না। বরং এই পরিস্থিতিতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন। লুলার এই মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের পণ্যের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করার ঘোষণা করেন। এরপর তিনি বলেন যে, লুলা চাইলে তাকে যেকোনো সময় ফোন করে শুল্ক নিয়ে আলোচনা করতে পারেন। কিন্তু লুলা ট্রাম্পের এই প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছেন।

এক প্রশ্নোত্তর পর্বে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, “আমি কখনোই ট্রাম্পকে ফোন করব না। কারণ, তিনি আলোচনা চান না।” তিনি এই দিনটিকে মার্কিন যুক্তরাষ্ট্র-ব্রাজিল সম্পর্কের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক দিন বলে বর্ণনা করেন। তবে লুলা জানান, তিনি জলবায়ু সমস্যা নিয়ে আলোচনার জন্য ট্রাম্পকে ফোন করে সিওপি সম্মেলনে আমন্ত্রণ জানাবেন।

এর পাশাপাশি লুলা ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে সমন্বয় বাড়ানোর ইঙ্গিত দেন। তিনি বলেন, “আমি শি জিনপিংকে ফোন করব। মোদীকেও ফোন করব। তবে পুতিনকে ফোন করব না, কারণ তিনি এখন সফর করতে পারছেন না। কিন্তু বাকি বিশ্বনেতাদের আমি ফোন করব।” লুলার এই মন্তব্যে স্পষ্ট যে, তিনি ব্রিকস দেশগুলিকে একত্রিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে একটি শক্তিশালী জোট গড়ে তুলতে চাইছেন।

উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ এবং ব্রাজিলের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন। ট্রাম্প এর আগে ব্রিকস দেশগুলিকে শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি দিয়েছিলেন। রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত সাম্প্রতিক ব্রিকস সম্মেলনেও আন্তর্জাতিক হস্তক্ষেপের নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বার্তা দেওয়া হয়েছিল, যা ট্রাম্পকে ক্ষুব্ধ করেছিল।