বৈদ্যুতিক শক লেগে অন্তঃসত্ত্বা মহিলার মর্মান্তিক মৃত্যু

মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক অন্তঃসত্ত্বা মহিলার। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার বালিঠা গ্রামে। মৃতার নাম বৃষ্টি রায়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালিঠা গ্রামের বাসিন্দা বৃষ্টি রায় অন্তঃসত্ত্বা হওয়ায় কোতুলপুর ব্লকের ঝেরো কঙ্কাবতী গ্রামে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে এসেছিলেন। বুধবার দুপুরে তিনি তার মোবাইল ফোনে চার্জ দেওয়ার জন্য বৈদ্যুতিক প্লাগে লাগান। সেই সময় হঠাৎই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

বাড়ির লোকজনের বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই তারা মূল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৃষ্টি রায়কে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে তার অবস্থা গুরুতর হয়ে পড়ে। তাকে দ্রুত স্থানীয় গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতার আত্মীয় সন্দীপ রায় বলেন, “হঠাৎ করে শুনলাম মেয়েটি ইলেকট্রিক শক খেয়েছে। আমরা দৌড়ে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করি এবং তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।”

এই ঘটনায় পুরো পরিবার এবং এলাকাজুড়ে শোকের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। একটি অনাগত শিশুর সঙ্গে তার মায়ের এমন মর্মান্তিক মৃত্যুতে সবাই মর্মাহত।