বিবাহ বিচ্ছেদের মামলায় খোরপোশ নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা

মাত্র ১৮ মাসের বিয়ে। অথচ বিবাহ বিচ্ছেদের মামলা চলছে আট বছর ধরে। অবশেষে সেই মামলার রায় দিল সুপ্রিম কোর্ট। খোরপোশ বাবদ ১২ কোটি টাকা, একটি ফ্ল্যাট এবং বিএমডব্লিউ গাড়ি দাবি করায় স্ত্রীকে তীব্র ভৎর্সনা করল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বিআর গভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, একজন উচ্চশিক্ষিত মহিলার পক্ষে এমন দাবি করা অনৈতিক।

সোমবার প্রধান বিচারপতি বিআর গভাই, বিচারপতি কে বিনোদ চন্দ্রন ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ এই দম্পতির বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করে। রায়ে বলা হয়, এই বিয়ে বহু আগেই ভেঙে গিয়েছে। শীর্ষ আদালত ওই মহিলাকে মুম্বইয়ে একটি ফ্ল্যাট দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু ১২ কোটি টাকা এবং অন্যান্য সম্পত্তির দাবিকে অনৈতিক বলে খারিজ করে দেয়।

সুপ্রিম কোর্ট জানায়, ওই মহিলা উচ্চশিক্ষিত এবং তথ্যপ্রযুক্তি (IT) ক্ষেত্রে কর্মরত। জুলাই মাসে শুনানির সময়ই প্রধান বিচারপতি বিআর গভাই ওই মহিলার তীব্র সমালোচনা করে বলেছিলেন, “আপনি এত শিক্ষিত। আপনার নিজের আয় করা উচিত, খোরপোশ চাওয়া উচিত নয়।” তিনি আরও বলেন, “আপনাদের বিয়ে মাত্র ১৮ মাস টিকেছিল। এখন আপনি বিএমডব্লিউ এবং প্রতি মাসে ১ কোটি টাকা চাইছেন?”

জানা গেছে, ২০২২ সালে ওই মহিলা একটি মিউচুয়াল সেটেলমেন্ট এগ্রিমেন্টে স্বাক্ষর করেছিলেন, যেখানে তিনি খোরপোশ বাবদ মুম্বইয়ে একটি ফ্ল্যাট নিতে রাজি হয়েছিলেন। কিন্তু পরে তিনি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়ে সেই চুক্তি মানতে অস্বীকার করেন। হাইকোর্টের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই তার স্বামী সুপ্রিম কোর্টে আবেদন করেন।

সুপ্রিম কোর্ট তার রায়ে আরও জানায়, স্বামীর আর্থিক অবস্থার অবনতি হয়েছে। তিনি আগে সিটি ব্যাঙ্কে কাজ করতেন এবং তার বার্ষিক আয় ছিল ২.৫ কোটি টাকা। কিন্তু বর্তমানে তিনি বেকার এবং তার বার্ষিক আয় কমে দাঁড়িয়েছে ১৮ লক্ষ টাকায়। এই বিষয়গুলো বিবেচনা করেই আদালত রায় দেয়। এই রায়কে বিবাহ বিচ্ছেদের মামলায় একটি দৃষ্টান্তমূলক রায় হিসেবে দেখা হচ্ছে।